২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত শিশু কুমিল্লা থেকে উদ্ধার

নগরীর হালিশহর ছোটপুল থেকে দশমাস আগে অপহৃত শিশু আমানুলকে কুমিল্লার দেবীদ্বার থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর ছোটপুল থেকে দশমাস আগে অপহৃত শিশু আমানুলকে কুমিল্লার দেবীদ্বার থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মোহাম্মদ হানিফ (২৭) ও ফারুক ইসলাম (২৩)। হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আরিফুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশমাস আগে নগরীর ছোটপুল এলাকার বস্তির একটি বাসা থেকে গার্মেন্টস কর্মী মোহাম্মদ সুমন ও আমেনা বেগমের তিনমাস বয়েসী ছেলে আমানুলকে অপহরণ করে হানিফ। আমানুলকে কুমিল্লার দেবীদ্বারে নিয়ে ফারুকের হেফাজতে রাখেন তিনি। দীর্ঘদিন ধরে সুমন-আমেনা দম্পতি হানিফকে অপহরণকারী হিসেবে সন্দেহ করলেও কোনো প্রমাণ পায়নি। শনিবার সন্ধ্যায় আমেনা বেগম হানিফকে কৌশলে হালিশহর থানায় নিয়ে আসেন এবং তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন। তিনি জানান, শনিবার রাতে হানিফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী হালিশহর থানা পুলিশের একটি দল শনিবার গভীর রাতে দেবীদ্বারে গিয়ে আমানুলকে উদ্ধার এবং তার ফারুককে গ্রেপ্তার করে। আরিফুল আমীন আরও জানান, এ ঘটনায় হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। পৃথক এক ঘটনায় সকাল ১১ টার দিকে নগরীর কোতোয়ালী থানা এলাকার মেহেদীবাগে ডাকাত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এরা হলেন- মোহাম্মদ ইকবাল ও ফেরদৌস আরা। মেহেদেীবাগের আমীরবাগে একটি আবাসিক ভবনে স্বামী-স্ত্রী পরিচয়ে এক প্রকৌশলীর বাসায় প্রবেশ করে ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়। গৃহকর্তা প্রকৌশলী তৌহিদ আলম জানান, এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুইজন ডাকাতির উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশের কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৫৫ ঘ.