বরিশাল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বানারীপাড়া উপজেলার চুয়ারী গ্রামের জুলেখা হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।
রোববার জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় দেন। এ সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন- আব্দুস ছত্তার মোল্লা, শেখ দুলাল, শেখ নজরুল, বাবুল তালুকদার, কালাম তালুকদার, দেলোয়ার তালুকদার ও ননী গোপাল। এদের মধ্যে দেলোযার ও ননী গোপাল পলাতক রয়েছেন।
২০০০ সালের ৭ জুন রাত ৩ টার দিকে আসামিরা পূর্ব শক্রতার জের ধরে চুয়ারী গ্রামের সালেহ আহম্মেদের মেয়ে জুলেখা বেগমকে কুপিয়ে আহত করে। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮ জুন তিনি মারা যান। এ ব্যাপারে সালেহ আহম্মেদ বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
২০০১ সালের ১৫ এপ্রিল উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলাম সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রভুক্ত ২৩ সাক্ষীর ১৪ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.
bdnews24