মনোজ সাহা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
গোপালগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ স্বাধীন করতে জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন গোপালগঞ্জের মো. আব্দুল বারেক মিয়া। আজ স্বাধীন দেশে জীবন চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। মাথা গোঁজার স্থায়ী ঠাঁই নেই। রিকশা চালিয়ে কোনোমতে স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ের সংসার চালিয়ে যাচ্ছেন। মুক্তিযোদ্ধা হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় ভাতাও পান না তিনি।
বারেক মিয়ার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামে। দেশকে পাকিস্তানি হানাদার মুক্ত করতে একাত্তরে ঝাঁপিয়ে পড়েন মুক্তিসংগ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "প্রশিক্ষণের জন্য ১৩ জুন ভারতে চলে যাই। সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর ফিরে এসে যশোরের বারোবাজার, কলারবাজার; গোপালগঞ্জের ভাটিয়াপাড়া, টেকেরহাট, সিন্ধিয়াঘাট ও দীগনগরের যুদ্ধে অংশ নেই।"
যুদ্ধ শেষে বারেক মিয়া ফিরে আসেন নিজের গ্রামে। শুরু হয় জীবনযুদ্ধ। কোথাও কোনও কিছু করতে না পেরে ওই সময় খুলনায় চলে যান। সেখানে রিকশা চালানো শুরু করেন।
৮০'র দশকে আব্দুল বারেক মিয়া মাদারীপুর সড়ক বিভাগে দপ্তরির চাকরি পান, কিন্তু ধরে রাখতে পারেননি। বললেন, "সড়ক বিভাগ কর্তৃপক্ষের অন্যায়ের প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করা হয়।"
এরপর মাদারীপুর পৌরসভার কবরস্থানের তত্ত্বাবধায়কের চাকরি পেলেও সেখান থেকেও তাকে অবৈধভাবে বরখাস্ত করা হয় বলে বারেক মিয়া অভিযোগ করেন।
তারপর গোপালগঞ্জ শহরে ফিরে শুরু হয় আবার রিকশা চালানো। নিজের জমিজমা নেই; গ্রামে অন্যের জমিতে একটি ঝুপড়ি তুলেছেন। সেখানে থাকেন স্ত্রী ও পাঁচ ছেলে। একমাত্র মেয়ে সীমাকে বিয়ে দিয়েছেন। কিন্তু স্বামীর ঘরে তুলে দিতে পারেননি।
বললেন, "একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছি। টাকার অভাবে এখনও তাকে তুলে দিতে পারিনি। কোনোদিন কারও কাছে হাত পাতিনি। মেয়ের জন্য এখন হাত পাততে হচ্ছে। বিত্তবানদের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছি।"
বারেক মিয়ার পাঁচ ছেলের মধ্যে বড় রাজু (২১), মেজ তাজু (১৯), সেজ রানা (১৭), রহিম (১৫) দিনমজুরের কাজ করে। সবার ছোট রাব্বী (৫)। সারাদিন রিকশা চালিয়ে বারেক মিয়া দেড়শ থেকে দুশ টাকা পান।
জানালেন, রিকশা মালিককে দিয়ে যে টাকা থাকে তা দিয়ে তার সংসার চলে না।
বললেন, "এক টুকরো জমির জন্য অনেক জায়গায় আবেদন-নিবেদন করেছি। কিন্তু পাইনি। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিটুকু আজও মেলেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24