২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে যাওয়ার মতো সুস্থ নন হাসিনা: আইনজীবী

শেখ হাসিনার বাম চোখের দৃষ্টিশক্তি ২৫ ভাগ কমে গেছে দাবি করে তার আইনজীবীরা বলেছেন, আদালতে হাজির হওয়ার মতো সুস্থ নন তিনি। তবে কারা কর্তৃপক্ষ বলেছে, শেখ হাসিনার চোখ আগের চেয়ে ভালো আছে। আদালতে যেতে রাজি না হওয়ার কারণেই সেখানে তাকে হাজির করা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বাম চোখের দৃষ্টিশক্তি ২৫ ভাগ কমে গেছে দাবি করে তার আইনজীবীরা বলেছেন, আদালতে হাজির হওয়ার মতো সুস্থ নন তিনি। তবে কারা কর্তৃপক্ষ বলেছে, শেখ হাসিনার চোখ আগের চেয়ে ভালো আছে। আদালতে যেতে রাজি না হওয়ার কারণেই সেখানে তাকে হাজির করা যাচ্ছে না। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলার বিচারের জন্য রোববার শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালতে হাজিরের কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসে তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "শেখ হাসিনা এখন অসুস্থ, কোনো অবস্থাতেই তার হাসপাতালের বাইরে যাওয়া উচিত নয়। তিনি হাসপাতালের বাইরে গেলে অসুস্থতা বেড়ে যেতে পারে।" কোনো আসামি অসুস্থ থাকলে তাকে জোর করে আদালতে নেওয়া 'বেআইনি' দাবি করে তিনি বলেন, "আমরা এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করব। তার মেডিকেল রিপোর্ট দেখতে চাইব। আমরা দেখব -এটি বাস্তবতার সঙ্গে মেলে কি না। যদি বাস্তব অবস্থার সঙ্গে না মেলে তবে বুঝতে হবে চিকিৎসায় গাফিলতি হচ্ছে।" কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "আমার জানামতে শেখ হাসিনার চোখ আগের চেয়ে ভালো আছে। তার শরীরে কোনো র‌্যাশ নেই।" হাসিনাকে আদালতে নেওয়ার বিষয়ে তিনি বলেন, "উনি (হাসিনা) রাজি হচ্ছেন না বলে আদালতে হাজির করা যাচ্ছে না। আমরা আশা করব সুস্থ থাকলে উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে হাজির হবেন।" বিকেল পৌনে পাঁচটার দিকে শেখ হাসিনার তিন আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট সাহারা খাতুন ও অ্যাডভোকেট কামরুল ইসলাম স্কয়ার হাসপাতালে যান। দেখা করা শেষে ব্যারিস্টার শফিক সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার বাম চোখের দৃষ্টিশক্তি ২৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। তার ডান কানে সমস্যা রয়েছেই, এ ছাড়া অ্যালার্জির সমস্যাও এখনো যায়নি। হাসিনার থাইরয়েড গ্রন্থিতেও নতুন করে সমস্যা দেখা দিয়েছে। তার অবস্থা হাসপাতালের বাইরে যাওয়ার মতো উপযুক্ত নয়। তার চোখে ঘণ্টায় ঘণ্টায় ওষুধ দিতে হয়। এ অবস্থায় তিনি হাসপাতালের বাইরে গেলে শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।" তিনি অভিযোগ করেন, বিশেষ কারাগারে আনার পর শেখ হাসিনার চোখের চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের গাফিলতির কারণেই তার চোখের দৃষ্টিশক্তি ২৫ ভাগ কমে গেছে। শেখ হাসিনাকে বিদেশ পাঠিয়ে চিকিৎসা করানোর জন্য আবারো দাবি জানান ব্যারিস্টার শফিক। এদিকে, এম ওয়াজেদ মিয়া, তার বড়ভাইয়ের ছেলে তাজিমুল ইসলাম শামিম ও বোনের নাতনি শামিমা আক্তার শামু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কয়ার হাসপাতালে শেখ হাসিনাকে দেখতে যান। ওয়াজেদ মিয়া প্রায় এক ঘণ্টা স্ত্রীর পাশে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসএনডি/এমএইচবি/২১২০ ঘ.