খুলনা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়লার টিউব লিক হওয়ায় খালিশপুরের গোয়ালপাড়া এলাকায় অবস্থিত ১১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি শুক্রবার রাত ১২টার দিকে বন্ধ হয়ে গেছে। এতে খুলনাসহ সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী জানিয়েছেন কেন্দ্রটির মেরামত কাজ শেষ হতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে।
খুলনা বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বয়লার টিউবে শীতল হতে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় লাগে। এরপর মেরামতের কাজ করা হয়। এ হিসেবে কমপক্ষে এক সপ্তাহের আগে আবার উৎপাদনে যাওয়া যাবে না।
তিনি জানান, ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির বয়লারের টিউব প্রায়ই লিক হয়ে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। গত বছর থেকে এ পর্যন্ত অন্তত ২৫ বার টিউব লিক হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে।
খুলনার খালিশপুরে ৬০ মেগাওয়াট ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ২৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২টি ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এবং জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় খুলনাসহ সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুক্রবার গভীর রাত থেকে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগকে প্রতিদিন কমপক্ষে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১১১ ঘ.
bdnews24