চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেল খননের মাধ্যমে উত্তোলিত বালু সিঙ্গাপুরে রপ্তানির উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। গুণগত মান পরীক্ষার জন্য বালুর নমুনা পাঠানো হয়েছে। ফলাফল ইতিবাচক হলে প্রথম পর্যায়ে প্রায় ১০ লাখ টন বালু নেবে সিঙ্গাপুর।
রপ্তানির উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠান বেসিক ডব্লিউএমএস অ্যান্ড কেবিবিআইসির প্রধান নির্বাহী ক্যাপ্টেন এএম হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক রুহুল আমিন রানাকে জানান, এই বালু দিয়ে সিঙ্গাপুর তার জলসীমায় ভূমি ভরাট করবে। রপ্তানির ব্যাপারে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা সহায়তা করছেন। বালু রপ্তানির করে প্রায় ১১ কোটি টাকা আয় হবে।
ক্যাপ্টেন হাফিজুর রহমান বলেন, "গুণগত মান পরীক্ষার জন্য বালুর নমুনা মার্চ মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। ফলাফল ইতিবাচক হলে প্রথম পর্যায়ে প্রায় ১০ লাখ টন বালু নেবে সিঙ্গাপুর।"
তিনি বলেন, "সিঙ্গাপুর প্রবাসী কয়েকজন বাংলাদেশি বালুর নমুনা দেখে এর গুণগত মানের প্রশংসা করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি পরীক্ষাগারের ফলাফলের উপর নির্ভর করছে। বন্দর চ্যানেল থেকে উত্তোলন করা বালু মোটা হওয়ায় এটি ভূমি ভরাটের জন্য বেশ উপযোগী। আশা করি পরীক্ষাগারের ফল রপ্তানির পক্ষে আসবে।"
ক্যাপ্টেন হাফিজ জানান, প্রাথমিক আলোচনা অনুযায়ী সিঙ্গাপুর নিজ খরচে 'হ্যান্ডি ক্যারিয়ার' জাহাজের মাধ্যমে এ বালু চট্টগ্রাম বন্দর চ্যানেল থেকে নিয়ে যাবে। প্রতি মাসে চার পাঁচটি জাহাজে করে তা পরিবহন করা হবে। প্রতিটি জাহাজে ২০ থেকে ২৫ হাজার টন বালু পরিবহন করা যাবে।
প্রতি মাসে এক লাখ টন করে পুরো বালু পরিবহন করতে দশ মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
তিনি বলেন, "প্রাথমিক কথাবার্তা অনুযায়ী প্রতি ঘনফুট বালুর দাম ধরা হয়েছে পাঁচ টাকা। সে অনুযায়ী ১০ লাখ টন বালু রপ্তানি করে দেশের প্রায় ১১ কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।"
ক্যাপ্টেন হাফিজ জানান, সিঙ্গাপুর সমুদ্রে নতুন ভূমি তৈরির জন্য কয়েক বছর ধরে বালু ফেলে আসছে। জলসীমায় বালু ফেলার মাধ্যমে তারা ভূমির আয়তন বাড়াচ্ছে। এর আগে তারা ইন্দোনেশিয়া থেকে বালু আমদানি করতো। কিন্তু গত এক বছর থেকে ইন্দোনেশিয়া বালু রপ্তানি নিষিদ্ধ করেছে। এ কারণে সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে বালু আমদানি করতে আগ্রহী হয়ে উঠে। প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড গ্র"পের অঙ্গ প্রতিষ্ঠান বেসিক ডব্লিউএমএসের সঙ্গে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ ঘটে।
তিনি আরও জানান, এর আগে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেনীর বড়তাকিয়া থেকে বালু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সেখানকার বালু পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু সেখান থেকে বালু পরিবহন ব্যয় বহুল হওয়ায় তারা সে সিদ্ধান্ত বাতিল করে।
বেসিক ডব্লিউএমএস অ্যান্ড কেবিবিআইসি নামের এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের খনন কাজে নিয়োজিত জাহাজ 'খনক' পরিচালনা করে থাকে।
খনকের প্রকৌশলী মো. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর চ্যানেল থেকে উত্তোলন করা বালুর গুণগত মান অন্য জায়গার চেয়ে অনেক ভালো। এ কারণে দেশের অনেক প্রতিষ্ঠানও এখান থেকে বালু নিতে আগ্রহ দেখিয়েছে।
তিনি জানান, দেড় কিলোমিটার দূরে বসুন্ধরা গ্র"পের একটি হাউজিং প্রকল্পে গত বছরের মাঝামাঝি সময় তারা বালু সরবরাহ করেছেন।
বেসিক ডব্লিউ এমএস এন্ড কেবিবিআইসি নামের এ প্রতিষ্ঠানটি গত বছরের মার্চ মাস থেকে বন্দরের ড্রেজিং জাহাজ 'খনক' ইজারা নিয়ে বন্দর চ্যানেলে খননের কাজ করছে। গত বছরের ১৩ আগস্ট দুর্ঘটনা কবলিত হওয়ার পর এটির কাজ বন্ধ থাকে। প্রায় আট মাস বন্ধ থাকার পর গত ২০ মার্চ এটি আবার খনন কাজ শুরু করে।
বন্দরের সঙ্গে চুক্তি অনুযায়ী খনন শেষে উত্তোলন করা বালুর স্বত্ব খনন কাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির বলে বন্দরের সদস্য (অপারেশন) ক্যাপ্টেন ইয়াহইয়া সাঈদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24