ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটা বহাল রেখে বিসিএস এ মেধার ভিত্তিতে নিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। কোটা পদ্ধতির পুনর্বিন্যাস ও সময়সীমা নির্ধারণের কথাও বলেছেন তিনি।
'কোটা সিস্টেম ফর সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক সমীক্ষা প্রতিবেদন নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে তিনি বলেন, "কোটা একটি নির্দিষ্ট সময়সীমার জন্যে হবে এবং এরপরে তা পর্যালোচনা করতে হবে। স্থায়ীভাবে বা অনির্দিষ্টকালের জন্যে কোনো কোটা হয় না। এতে জনমনে বিশ্বাস জন্মেছে, যারা কোটায় নিয়োগ পায় তারা কম দক্ষ এবং এতে প্রশাসনে অবক্ষয় হয়।"
জেলা বা মুক্তিযোদ্ধা কোটায় পুনর্বিন্যাসের যৌক্তিকতা বর্ণনা করে আকবর আলি বলেন, "কোটা পদ্ধতি তুলে দিলে সামাজিক অস্থিরতা দেখা দেবে। তবে কোটার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত।"
কোটা পদ্ধতির আইনগত ভিত্তি দেওয়ার পাশাপাশি মেধাভিত্তিক নিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
আকবর আলি বলেন, "মেধার চেয়ে কোটার বরাদ্দ বেশি থাকা উচিত নয়। মেধার ভিত্তিতে বিদ্যমান বরাদ্দ ৪৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ হওয়া প্রয়োজন।"
সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন মেধার ভিত্তিতে ৫০ শতাংশ নিয়োগের প্রস্তাবকে ইতিবাচক মন্তব্য করেন বলেন, "কোটা ব্যবস্থা নিয়ে জনমত যাচাইয়ের জন্য ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে আগামী দু'মাস আলোচনা করা হবে। এর পর চূড়ান্ত পর্যায়ে সমাপনীয় সেমিনার শেষে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে।"
সময় স্বল্পতার কারণে ২৭ তম বিসিএস- এ পুনর্বিন্যস্ত কোটা পদ্ধতি বাস্তবায়ন সম্ভব না হলেও ২৮ তম বিসিএস পরীক্ষায় কা করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পিএসসির উদ্যোগে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান ও সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কার সংক্রান্ত সমীক্ষা প্রতিবেদন তৈরি করেন। কোটা ব্যবস্থা পুনর্বিন্যাসের সুপারিশ করে ৬ মার্চ প্রতিবেদনটি পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের কাছে হস্তান্তর করা হয় ।
বর্তমানে বিসিএস এ ৪৫ ভাগ মেধার ভিত্তিতে এবং ৫৫ ভাগ কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। কোটার মধ্যে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা, ১০ ভাগ জেলা, ১০ ভাগ নারী ও ৫ ভাগ উপজাতি কোটা রয়েছে।
সেমিনারের একপর্যায়ে ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আউয়াল বলেন, "মুক্তিযোদ্ধাদের সন্তানের কোটা হলে কুখ্যাত রাজাকারের মেধাবী সন্তানের দোষ কী? এজন্য মুক্তিযোদ্ধা সন্তানের কোটা বিষয়টি কতটুকু যৌক্তিক ভেবে দেখা উচিত।"
ভারপ্রাপ্ত আইন সচিবের এমন মন্তব্যে সেমিনারের আলোচকরা তীব্র ক্ষোভ জানান।
অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীসহ কয়েকজন আলোচক বলেন, সরকারি চাকুরে হয়ে রাজাকারদের ছেলের জন্যে সুপারিশ করা বড় ধরনের ধৃষ্টতা।
একপর্যায়ে হাবিবুল আউয়াল তার বক্তব্য প্রত্যাহার করে নেন।
শনিবার সকালে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে মিলেনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য ড. জাঈদী সাত্তার, সাবেক যুগ্ম সচিব এজেডএম ওয়াহিদুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মো. দিদারুল ইসলাম, সাবেক সচিব মাহফুজুল ইসলাম, বিপিএটিসি-এর রেক্টর আবু মো. মনিরুজ্জামান খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মালেকা বেগম, পিএসসির পরিচালক রওশন আরা জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৬৪৬ঘ.
bdnews24