বান্দরবান, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শুক্রবার সকালে বান্দরবানের একটি আদিবাসী পাড়া পরিদর্শন করেছেন। তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টা বান্দরবানের শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আদিবাসী কাপ্র" পাড়া পরিদর্শনে যান এবং সেখানে পাড়ার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি লোকজনের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পাড়ার উন্নয়নে তিনি পাড়ার কার্বারির হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেন।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়, সেনা প্রধান জেনারেল মইন উ আহমদ ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বান্দরবানের নীলগিরি অবকাশ কেন্দ্রে আসেন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
চট্টগ্রামের দুটি পার্বত্য জেলায় দুই দিনের সফরের শেষে তিনি শুক্রবার সাড়ে ১১ টায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করেন।
বৃহস্পতিবার পার্বত্য রাঙামাটি জেলায় এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেছেন, তিন পার্বত্য জেলার পৌর এলকায় মোবাইল ফোন নেটওয়ার্ক চালুর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24