ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের অনুমোদন ছাড়া সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের চুক্তি করলে তা প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রকৌশলীদের সংগঠন 'জনতার সংসদ' আয়োজিত এক মুক্ত আলোচনার বক্তারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রকৌশলীদের সংগঠন 'জনতার সংসদ' আয়োজিত 'সমুদ্র উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন চুক্তি এবং নাগরিক ভাবনা' শীর্ষক ওই মুক্ত আলোচনায় বক্তারা দেশের সমুদ্র সীমা নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
মুক্ত আলোচনায় জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ ও বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "জনগণের অনুমোদন না নিয়ে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের চুক্তি করা যাবে না। প্রয়োজনে জরুরি আইন ভঙ্গ করেই এটা প্রতিরোধ করা হবে।"
তিনি জানান, নতুন উৎপাদন ও বন্টন চুক্তিতে উদ্বৃত্ত তেল ও গ্যাস রপ্তানির বিধান রয়েছে। কিছুতেই তেল ও গ্যাস রপ্তানি করা যাবে না।
সভায় অবসরপ্রাপ্ত কমোডর খোরশেদ আলমও সরকারকে জনগণের অনুমোদন ছাড়া সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কোন চুক্তি না করার আহবান জানান।
তিনি বলেন, "আমাদের সমুদ্র সীমা নির্ধারণের কোনও উদ্যোগ নেই। ২০০১ সালে বাংলাদেশ জাতিসংঘের সমুদ্র সীমা আইন অনুমোদন করেছে। আমাদের বেশিরভাগ ব্লকই বিতর্কিত এলাকায় রয়েছে। কিছু ব্লক মিয়ানমার তাদের বলে দাবি করেছে।"
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল আলম।
তিনি বলেন, ভারত ও মিয়ানমার আমাদের সমুদ্র সীমানায় ঢুকে পড়েছে। সমুদ্র সীমা নিয়ে সৃষ্ট এ বিরোধ আইন ও যুক্তিসঙ্গত তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরসনের চেষ্টা করা হয়নি। ২০১১ সালের মধ্যে আমাদের সমুদ্র সীমার দাবির সমর্থনে আবশ্যকীয় কাগজপত্র ও প্রমাণাদি জাতিসংঘে দাখিল করতে হবে। এ সময়ের মধ্যে ২ লাখ বর্গ কিলোমিটার এলাকার দাবি আইনগতভাবে প্রতিষ্ঠিত করতে না পারলে সব সম্পদ হাতছাড়া হয়ে যাবে।
এম শামসুল আলম আরো বলেন, জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ইজারা কার্যক্রম মুলতবি রাখা হোক। ডিসেম্বর পর্যন্ত ইজারা কার্যক্রম স্থগিত রাখা হলে সাগর অঞ্চল বেদখল হওয়ার কিংবা গ্যাস সঙ্কট চরমে ওঠার কোনও কারণ নেই।
জনতার সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সরদার আমিনের সভাপতিত্বে অনষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী ইনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এমএ/২০৩৫ঘ.
bdnews24