কুমিল্লা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল শুক্রবার কুমিল্লায় সমর জাদুঘর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ক্ষেত্র, টাইম স্কয়ার, শালবন বিহার এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
অবসরপ্রাপ্ত লে. জেনারেল পিএন কাথপালিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সকাল পৌনে ১০টায় কুমিল্লা সেনানিবাস পৌছালে সেনবাহিনীর একটি দল তাদের গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলের করুণ সুর বাজানো হয়। ভারতীয় এই সাবেক সেনা কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া তারা সমর জাদুঘর পরিদর্শন করেন। ঘুরে দেখেন যুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান। তারা জাদুঘরের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। সেখান থেকে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিস্থলে।
এরপর চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার টাইমস স্কয়ার পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখান থেকে ফিরে কুমিল্লার কোটবাড়ীর শালবন, ময়নামতি জাদুঘর ঘুরে দেখেন। কিছু সময় সেখানে কাটানোর পর ফিরে যান সেনানিবাসে।
প্রতিনিধি দলে আরও ছিলেন- অবসরপ্রাপ্ত লে. জেনারেল জিএস বকসি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আর কে খান্না, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল লক্ষণ সিং, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক ভার্মা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এ কে পাউই, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার পিএন কেকার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অমৃত কাপুর।
বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় প্রতিনিধি দলটি কুমিল্লা সেনানিবাসে এসে পৌঁছে এবং রাতে সেখানে অবস্থান করে। ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার সাব্বির আহাম্মদসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ১০ জন ভারতীয় সেনা কর্মকর্তাসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার রাতে ঢাকায় আসে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল জে এফ আর জ্যাকব। এতে সেনা কর্মকর্তাদের স্ত্রীরাও রয়েছেন।
গত ২৮ ফেব্র"য়ারি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের ভারত সফরকালে সেদেশের এ সেনা কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24