ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে সয়াবিন, পেঁয়াজ ও মসুর ডালের দাম কমলেও চালের দাম প্রতি কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে।
মিরপুরের এক নম্বরের কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত এক সপ্তাহে প্রতি কেজি চালের মূল্য এক থেকে দেড় টাকা বেড়েছে। ৩৩ ও ৩৪ টাকার মোটা পারি চাল এখন ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ৪২ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৪৩ টাকায়।"
প্রতি কেজি সয়াবিন তেল আট টাকা কমেছে বলে তিনি জানান।
মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, "প্রতি কেজি মসুর ডাল ৪ থেকে ৫ টাকা কমেছে। ৯৫ টাকার দেশি মসুর এখন ৯০ টাকায় এবং ৯০ টাকার বোল্ডার মসুর ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।"
তবে মুগ ডালের দাম কিছুটা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
হাবিবুর রহমান জানান, পেঁয়াজের দাম পাইকারি বাজারে প্রতি কেজিতে দুই টাকা কমে এখন ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি জানান, পাঁচ কেজি তেলের পাইকারি দাম ছিল ৫৫০ টাকা। এখন তা ৫১০ টাকায় নেমে এসেছে।
এছাড়া আলু, হলুদ, শুকনো মরিচের দাম অপরিবর্তিত রয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন।
চট্টগ্রামের বাজারেও চালের দাম বেড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়। তবে তেল ও চিনির দর কমতির দিকে।
শুক্রবার সকালে রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানে প্রতি কেজি চিনি সাতদিনের ব্যবধানে দুই টাকা কমে বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। চিনির দাম আরও কমতে পারে বলে বিক্রেতারা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে রেয়াজুদ্দিন বাজারের এক খুচরা দোকানদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইকারি বাজার থেকে খুচরা বিক্রেতারা চিনি কিনে বিক্রি করলে দাম প্রায় ৩৩ টাকায় নেমে আসবে। তবে পূর্বের দামে কেনা মজুদ করা চিনির ক্ষতির দিক বিবেচনায় রেখে ব্যবসায়ীরা তা কিনছেন না।
এদিকে খুচরা দোকানে আতপ ও সিদ্ধ উভয় ধরণের চাল কেজিতে এক টাকা করে বেড়েছে। প্রতি কেজি ভারতীয় বেতি ৩২ থেকে ৩৩ টাকা, মিনিকেট আতপ ৩৫ থেকে ৩৬ টাকা, পাইজাম ৪১ থেকে ৪২ টাকা, নাজিরশাইল ৪১ টাকা, বালাম সিদ্ধ ৩২ থেকে ৩৩ টাকা, মিনিকেট সিদ্ধ ৩৮ টাকা, জিরা সিদ্ধ ৪২ থেকে ৪৩ টাকায় বিক্রি হয়।
রেয়াজুদ্দিন বাজারের খুচরা বিক্রেতা আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে আটকে থাকা চালের দাম স্থির না হওয়ার সংবাদের পর থেকেই দাম প্রতি কেজিতে ১ টাকা করে বেড়েছে। তবে দাম বৃদ্ধিকে সাময়িক বলে তিনি মনে করেন।
খুচরা বাজারে খোলা সয়াবিনের দাম প্রতি কেজিতে ২ টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বোতলজাত এক লিটার ও পাঁচ লিটারের সয়াবিনের দাম কমেনি।
চট্টগ্রামের বাজারে ডালের দাম স্থির রয়েছে। প্রতি কেজি ভাল মানের মসুর ডাল দোকানভেদে ৮২ থেকে ৮৫ টাকায়, নিম্নমানের মসুর ৭২ থেকে ৭৪, ভাল মানের মুগ ৬৬ টাকা, মাঝারি মানের মুগ ৬০ টাকায় এবং মটর ডাল ৪৭ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। শুক্রবার রেয়াজুদ্দিন বাজারে সবজির দোকানে ফুলকপি, বাঁধাকপি ও সিম কম দেখা গেছে। আলু প্রতি কেজি ১৩ টাকা, বেগুন ১৪ টাকা, ফুলকপি ১৬ টাকা, বাঁধাকপি ১০ থেকে ১২ টাকা, শিম ১৬ টাকা, করলা ২০ থেকে ২২ টাকা, বরবটি ৩২ টাকা, শসা ১২ থেকে ১৪ টাকা, মিষ্টি কুমড়া ১২ টাকা, পেঁপে ১৪ টাকায় বিক্রি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরবি/এমআই/১৬২৪ ঘ.
bdnews24