জামালপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর সরিষাবাড়ী উপজেলার একটি খামার ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার রাতে প্রায় ১৩ শ' হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে প্রভা পোলট্রি ফার্মের ৮৬৩টি মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়। বৃহস্পতিবার রাত ৮টায় এই নিধন অভিযান চালানো হয়।
তিনি জানান, ওই খামারের আশপাশের এক কিলোমিটার এলাকার গৃহস্থালীর হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়।
প্রভা পোলট্রি ফার্মের মালিক মিজানুর রহমান জানান, তার খামারে দুই হাজার মুরগি ছিল। গত তিন দিনে এক হাজারের বেশি লেয়ার জাতের মুরগি মারা যায়। মঙ্গলবার উপজেলা পশুসম্পদ কর্মকর্তা তার খামার থেকে মৃত মুরগির নমুনা সংগ্রহ করে ঢাকায় কেন্দ্রীয় পশুরোগ গবেষণা কেন্দ্রে পাঠান। সেখানে বার্ড ফ্লু সনাক্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৩ ঘ.
bdnews24