মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখন মাঝ চৈত্র, এর মাঝেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সামনে আসছে বৈশাখ, তপ্ত রোদে ঝড়ের দাপট যেমন থাকবে, তেমনি শেষ বিকেলে মেঘের ভেলায় ভেসে এক পশলা বৃষ্টি এলেও অবাক হওয়ার কিছু নেই। আগামী দুই মাসে তাপমাত্রা বৃদ্ধি, আর ঝড়ের পূর্বাভাসই দিচ্ছেন আবহাওয়াবিদরা। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।
আবহাওয়াবিদরা বলছেন, বৈশাখ মাস কালবৈশাখি ঝড়ের সময়। এ সময় প্রায়ই বয়ে যাবে এক আধটু ধুলোঝড়। কোথাও আবার ওই ধুলোঝড়ই কালবৈশাখির রূপ নিতে পারে। দিনভর তপ্তরোদ, আর বিকালে ঝড়-বাদল- আবহাওয়ার এমন চেহারা দেখা যেতে পারে এপ্রিল ও মে মাসে। এ দু'মাসের যে কোনো সময় বিস্তীর্ণ এলাকায় তাপদাহও বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে এপ্রিল ও মে মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এ সময় তীব্র গরমের পর পরই আধঘণ্টার ব্যবধানে ঝড়ো আবহাওয়া তৈরি হয়। প্রাক-বর্ষা মৌসুমে তাপমাত্রা বেশি থাকায় কালবৈশাখির দাপটও থাকে বেশি।"
আবহাওয়া অধিদপ্তর মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসেও জানিয়েছে, দিনের তাপমাত্রা ক্রমশ বেড়ে যাবে। দিনের স্বাভাবিক তাপমাত্রা হতে পারে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তর-পশ্চিমাংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এক সপ্তাহে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩৫ দশমিক ৫ ডিগ্রি, ৩৩ ডিগ্রি, ৩৬ ডিগ্রি, ৩২ ডিগ্রি, ৩৩ ডিগ্রি, ৩৬ ডিগ্রি ও ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকবছর ধরে গ্রীষ্ম মৌসুমে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা যেমন লক্ষণীয়, তেমনি শীত মৌসুমে তাপমাত্রা হ্রাসের প্রবণতাও দেখা গেছে।
তিনি জানান, ১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত সারাদেশে এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি, ৩৯ দশমিক ৫ ডিগ্রি, ৪০ ডিগ্রি, ৩৭ দশমিক ৮ ডিগ্রি, ৪০ দশমিক ৩ ডিগ্রি, ৪০ দশমিক ৮ ডিগ্রি, ৪০ দশমিক ৭ ডিগ্রি, ও ৪০ দশমিক ৫ ডিগ্রি। আর মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৪০ ডিগ্রি, ৩৯ দশমিক ৫ ডিগ্রি, ৩৮ দশমিক ২ ডিগ্রি, ৪৩ দশমিক ৪ ডিগ্রি, ৪১ দশমিক ৪ ডিগ্রি, ৪২ দশমিক ২ ডিগ্রি, ৪০ ডিগ্রি ও ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর গত ১০ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০০২ সালে ২০ মে রাজশাহীতে ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত বছর ৩ ফেব্র"য়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ১৯৬৮ সালে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও শ্রীমঙ্গলেই রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত শীত মৌসুমে চার দফা শৈত্যপ্রবাহ এবং গত বছর কয়েকদফা তাপপ্রবাহের ঘটনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে দেখছেন আবহাওয়াবিদরা। গত বছরের গরম আবহাওয়া ও শীতের তীব্রতাও স্বাভাবিক ছিল না বলে জানিয়েছেন তারা।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দুর্যোগের হার ও তীব্রতা বাড়বে।"
গত শতকে বাংলাদেশে সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়টি হয়েছিল ১৯৯১ সালের ২৯ এপ্রিল ।
আবহাওয়া অধিদপ্তর মার্চ থেকে মে পর্যন্ত 'প্রাক বর্ষা', জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 'বর্ষা', অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত 'বর্ষা পরবর্তী' এবং ডিসেম্বর থেকে ফেব্র"য়ারি পর্যন্ত সময়কে 'শীত ঋতু' হিসাবে উল্লেখ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এমএ/১৪৩০ঘ.
bdnews24