ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল দেবনাথ মারা গেছেন।
রাজধানীর রাশমনো ক্লিনিকে চিকিৎসাধীন কাজল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মারা যান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কাজী আসাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টায় চিকিৎসকরা কাজলকে মৃত ঘোষণা করেন। কাজলের মাথায় গুরুতর জখম ছিল।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কাজল গত শনিবার ক্যাম্পাসে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের সংঘর্ষের সময় গুরুতর আহত হয়।
কাজলকে প্রথমে সুমনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার তাকে ভর্তি করা হয় মগবাজারের রাশমনো ক্লিনিকে।
কাজল দেবনাথের বাড়ি বরিশালের হিজলা উপজেলার বাউসিয়া গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে কাজল সবার ছোট।
সংঘর্ষের পরদিন কাজলের মামা সঞ্চয় কুমার দেবনাথ কোতয়ালি থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১২৩৬ ঘ.
bdnews24