২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভবন নির্মাণে জায়গা ছাড়ের পরিমাণে ছাড়

রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের চারপাশে জায়গা ছাড় দেয়ার পরিমাণ ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদেরের উদ্ধৃতি দিয়ে রাজউক চেয়ারম্যান কে এম এ হারুন এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের চারপাশে জায়গা ছাড় দেয়ার পরিমাণ ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদেরের উদ্ধৃতি দিয়ে রাজউক চেয়ারম্যান কে এম এ হারুন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিয়াল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতাদের সঙ্গে উপদেষ্টা বৈঠক করেন। বৈঠক শেষে রাজউক চেয়ারম্যান কে এম এ হারুন সাংবাদিকদের জায়গা ছাড় দেয়ার বিধিমালা শিথিল করার তথ্য জানান। তবে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। হারুন জানান, সভায় উপদেষ্টা বলেন, সংশোধিত বিধিমালা অনুযায়ী নকশা ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ভূমি ছাড় দেওয়ার পরিমাণ ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে। এ ব্যাপারে ১৪ এপ্রিলের আগেই নির্দেশনা দেওয়া হবে। নকশা ও প্রকল্প পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজউক কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, বৈঠকে রিহ্যাব নেতারা রাজউক থেকে বিভিন্ন প্রকল্পের নকশা অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার অবসান দাবি করেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাজউক থেকে নকশা ও প্রকল্প পরিকল্পনা অনুমোদনে দীর্ঘসূত্রতার জন্য তারা সময় মতো কাজ শুরু করতে পারছেন না। তিনি জানান, রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক কিছু সংশোধন করে তবেই নকশা অনুমোদন দিতে হয়। এতে কিছুটা দেরি হচ্ছে। রিহ্যাব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক তানভীরুল হক প্রবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/টিএইচ/এমএইচবি/২২৩১ ঘ.