মৌলভীবাজার, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপসোনিন ওষুধ কোম্পানির 'হিস্টাল' সিরাপে চুল ও ময়লা পাওয়া গেছে।
শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের জামশী গ্রামের অশোক কুমার দাশ বুধবার তার দুই বছরের মেয়ের সর্দি-কাশির জন্য ৬০ মি. লি. এর একটি 'হিস্টাল' সিরাপ শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কের বনানী ফার্মেসি থেকে কেনেন। এর ব্যাচ নম্বর-LVK 070।
অশোক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে বাচ্চাকে 'হিস্টাল' সিরাপ খাওয়ানোর সময় দেখতে পান বোতলের ভেতর চুল ও ময়লা রয়েছে। বোতলের ছিপি তিনি আর খোলেননি। দুপুরে 'হিস্টাল' সিরাপের এ বোতলটি নিয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে যান।
অপসোনিন ফার্মা লি. এর প্রধান কার্যালয়ের বিক্রয় কর্মকর্তা নজরুল ইসলাম মোবাইল ফোনে জানান, "আমরা বোতল না দেখে কোনও মন্তব্য করতে পারছি না। তদন্তের পর বলা যাবে। আপনারা কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন।"
এ ব্যাপারে সাংবাদিকরা অপসোনিনের স্থানীয় প্রতিনিধি ও আঞ্চলিক ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনও মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।
মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রস্তুতের সময় অসর্তকতার কারণে এমনটি হয়েছে। ময়লা ও চুল যুক্ত সিরাপটি খেলে পেটের পীড়াসহ নানা রোগ দেখা দিতে পারে।"
হিস্টাল সিরাপের বোতলটি শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির কাছে রয়েছে। বোতলের লেবেলে উৎপাদন তারিখ নভেম্বর ২০০৭ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ নভেম্বর ২০১০ লেখা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24