ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য ডা. মাহবুবুর রহমান (৭৮) মারা গেছেন।
বার্ধক্যজনিত কারণে ২৬ মার্চ রাত দেড়টার দিকে ধানমন্ডিতে ছেলের বাসায় তিনি মারা যান। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।
সিপিবি'র সভাপতি মনজুরুল আহসান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম বৃহস্পতিবার বিবৃতিতে ডা. মাহবুবুর রহমমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
সিপিবি'র অফিস সহকারী সিকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডা. মাহবুবের মরদেহ বিকেল সাড়ে ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, উদীচী, মহিলা পরিষদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা কফিনে ফুল দেন।
পরে ডা. মাহবুবকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএনডি/২১৫২ ঘ.
bdnews24