২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় দুই শিশুকে হত্যা করেছে মা, পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদীঘি গ্রামে বৃহস্পতিবার কোদাল দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হত্যা করেছে তাদের মা। চেহারী বেগম (৩৫) নামের ওই মা মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। পুলিশ তাকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

পঞ্চগড়, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদীঘি গ্রামে বৃহস্পতিবার কোদাল দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হত্যা করেছে তাদের মা। চেহারী বেগম (৩৫) নামের ওই মা মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। পুলিশ তাকে আটক করেছে। নিহত শিশুদের নাম দুলাল (৬) ও ইতি (৩)। চেহারীর দেবর হাসিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বড় ভাই পাথর শ্রমিক তাজমলের (৪০) স্ত্রী চেহারী বেগম বিয়ের পর থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে নাস্তা খাওয়ানোর সময় চেহারী দুলাল ও ইতিকে ধারালো কোদাল দিয়ে উপর্যপুরি আঘাত করে। তখন বাড়িতে কেউ ছিল না। শিশুদের চিৎকারে প্রতিবেশী ও বাড়ির লোকজন ঘটনাস্থলে আসে। গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে শিশু দুটি মরা যায়। পরিবারের সদস্যরা জানান, প্রথম সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পর চেহারী বেগমের মানসিক ভারসাম্যহীনতা ধরা পড়ে। তার মাও মানসিকভাবে ভারসাম্যহীন। এজন্য পরিবারের লোকজন সবসময় তার কাছাকাছি থাকত। কিন্তু গতকাল সকালে সবাই কাজে বের হওয়ায় বাড়িতে কেউ ছিল না। ঘটনার পর চেহারী বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। এর আগে চেহারী বেগম তার শাশুড়িকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করে এবং মামি শাশুড়ি কামিনা বেগমের হাত কেটে দেয় বলে পরিবারের লোকজন জানায়। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় কিছুদিন আগে পরিবার থেকে তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মৃত দুলাল ও ইতি ছাড়াও ওই দম্পতির আরও চারটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বাহারাম আলী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়। প্রাথমিকভাবে তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা জামান রাজু জানান, চেহারী বেগমের পাগলামির খবর এলাকার সবাই জানত। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত চেহারী বেগমকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৪৭ ঘ.