২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে মিথ্যা তথ্য দিলে সদস্যপদ বাতিল হতে পারে

স্থানীয় ও জাতীয় নির্বাচনে নির্ধারিত আটটি তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রার্থী মিথ্যাচার করলে নির্বাচিত হলে তার সদস্যপদ বাতিলের সুপারিশ করবে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের বেলায় স্পিকারের কাছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুরোধ করবে কমিশন। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় ও জাতীয় নির্বাচনে নির্ধারিত আটটি তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রার্থী মিথ্যাচার করলে নির্বাচিত হলে তার সদস্যপদ বাতিলের সুপারিশ করবে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের বেলায় স্পিকারের কাছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুরোধ করবে কমিশন। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব তথ্য জানান। তিনি বলেন, "এবার প্রার্থীদের মনোয়নপত্রের সঙ্গে প্রার্থীর আয়-ব্যয়ের হিসাব, শিক্ষাগত যোগ্যতাসহ আটটি তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হবে। আদালতও এ ব্যপারে একটি নির্দেশ দিয়েছে। কিন্তু কেউ যদি ভুল বা মিথ্যা তথ্য দেয়, নির্বাচনের সময় তা ধরা পড়লে কমিশন তার প্রার্থিতা বাতিল করবে। আর নির্বাচনের পর ভুল তথ্য ধরা পড়লে কমিশন স্পিকারকে ওই সাংসদের সদস্যপদ বাতিল করতে অনুরোধ জানাবে।" প্রার্থীদের যেসব তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হবে তার মধ্যে রয়েছে, সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব, নির্বাচনী অর্থের উৎস ও ব্যয়, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক হিসাব, নির্বাচনী প্রতিশ্র"তি, প্রার্থীর পোষ্যদের বিবরণ। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে বলে জানান এম. সাখাওয়াত হোসেন। এক্ষেত্রে কমিশন ভুল তথ্যের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করবে। তিনি জানান, প্রার্থীর ওই আটটি তথ্য দেওয়ার বিষয় এবারই প্রথম বাধ্যতামূলক করে তা নির্বাচনী আইনে (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) যুক্ত করা হচ্ছে। প্রার্থীরা ভুল বা মিথ্যা তথ্য দিয়েছে কিনা, তা কিভাবে জানা যাবে- এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, "প্রতিটি জেলায় তদন্ত কমিটি থাকবে। কমিটি সব ধরনের অভিযোগ যাচাই করার পাশাপাশি প্রার্থীর তথ্যও যাচাই করে দেখবে।" এদিকে, সংশোধিত স্থানীয় সরকার আইনটি মন্ত্রণালয় থেকে কমিশনে আসলেই চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এম. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ২২ এপ্রিল থেকে ২৯ মের মধ্যে কমিশন এ সব নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে। আগামী এপ্রিলে মেয়াদ উত্তীর্ণ রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই চারটি সিটি করপোরেশন এবং শরীয়তপুর, সীতাকুণ্ড, কক্সবাজার, গোপালগঞ্জ, শ্রীপুর, ফুলবাড়িয়া ও মানিকগঞ্জ- এই সাত পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এমএ/১৭৫০ ঘ.