ময়মনসিংহ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহাদুরাবাদ থেকে ঢাকাগামী তিস্তা আন্তঃনগর এক্সপ্রেসের আটটি লাইনচ্যুত বগির মধ্যে বৃহস্পতিবার রাত পৌনে ১১টা পর্যন্ত ৪টি উদ্ধার করা হয়েছে।
রাত ১টা নাগাদ বাকি ৪টি বগি সরিয়ে লাইন চালু করা সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ঢাকা জোন) আব্দুল মুকিত।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের কাছে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়।
বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান প্রতিবেদক আহমেদ দীপু টেলিফোনে জানান, ট্রেনটি বেগুনবাড়ি স্টেশনের আউটার সিগন্যালের পাশে পৌঁছলে বিকট শব্দে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হন বলে তিনি জানান।
৭০৮ ডাউন ট্রেনটি ময়মনসিংহ ও জামালপুরের মাঝামাঝি 'বাইগুণবাড়ি' এলাকায় ওই দুর্ঘটনায় পড়ে বলে ট্রাফিক কর্মকর্তা আব্দুল মুকিত সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ।
এর আগে বেগুনবাড়ি স্টেশনের রেল সুপার নজরুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে জানান, বগিগুলো টেনে তুলতে উদ্ধারকারী ট্রেন পাঠানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ এএইচডি-ইএইচবি/কেআরসি/বিআরকিউএইচ/এসএনডি/এমএ/১৮৩৮ঘ.
bdnews24