ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্ধান্ত নেওয়ার দু'দিন পর চার ভিআইপি কারাবন্দির ডিভিশন বাতিলের সময়সীমা শিথিল করে এক সপ্তাহ করা হয়েছে। কারণ হিসেবে কারা কর্তৃপক্ষ 'মানবিক বিবেচনার' কথা উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন। কারাবিধি ভঙ্গকারী ওই চার ভিআইপি হচ্ছেন- ব্যারিস্টার নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মহিউদ্দিন খান আলমগীর।
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের বিষয়ে মানবিক কারণে শাস্তি তিন মাসের পরিবর্তে এক সপ্তাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ বিষয়টি কার্যকর হবে।"
২৫ মার্চ কারা কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করায় ওই চারজনকে তিন মাসের জন্য ডিভিশন বাতিলের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই অপরাধে আরেক বন্দি সিগমা হুদার সঙ্গে আত্মীয়দের দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নাজমুল হুদা ও আলতাফ হোসেন চৌধুরী এখন নারায়ণগঞ্জ, সালাউদ্দিন কাদের চৌধুরী বগুড়া, মহিউদ্দিন খান আলমগীর কাশিমপুর ও সিগমা হুদা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
তিনি জানান, মঙ্গলবার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বুধবার এ সংক্রান্ত আদেশ সংশ্লিষ্ট কারাগারগুলোতে পৌঁছে গেছে।
সামসুল হায়দার ছিদ্দিকী জানান, আরও কয়েকজনের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে মঙ্গলবার ছয় জনকে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ডিভিশন বাতিলসহ তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএইচসি/এসকে/১৮২৩ঘ.
bdnews24