২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে 'আট হত্যা' মামলায় চার শিবির কর্মীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ২০০০ সালে আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলায় ইসলামী ছাত্র শিবিরের চার কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মামলায় অপর তিন আসামিকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। বাকী ১৩ আসামিকে বেকসুর খালাস এবং 'ক্রসফায়ারে' নিহত দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ২০০০ সালে আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলায় ইসলামী ছাত্র শিবিরের চার কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মামলায় অপর তিন আসামিকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। বাকী ১৩ আসামিকে বেকসুর খালাস এবং 'ক্রসফায়ারে' নিহত দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর ও দায়রা জজ এনামুল হক চৌধুরী এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- সাজ্জাদ হোসেন খান ওরফে সাজ্জাদ, আলমগীর কবীর ওরফে বাইট্টা আলমগীর, মো. আজম ও সোলায়মান। এদের মধ্যে বাইট্টা আলমগীর ও আজম কারাগারে আটক আছেন। চট্টগ্রামের নাজিরহাট কলেছের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায়ও এই দুই জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শিবির কর্মী এনামুল হক ওরফে এনাম, আবদুল কাইয়ুম চৌধুরী ওরফে ইমন ও হাবীব খান। এদের সবাই পলাতক। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি এটিএম মিজবাহুল কবীর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আজিজুর রহমান, মিয়া মো. তৌফিক, নেছার আহমদ, মোহাম্মদ ইলিয়াছ ওরফে হাজী ইলিয়াছ, আবদুল হাকিম ওরফে সাইফুল, আবদুল হামিদ ওরফে হামিদ, বজল আহমদ, বায়েজীদুর রহমান, সেলিম ওরফে বিডিআর সেলিম, রেজাউর রহমান ওরফে মুক্তি ও ইকবাল হোসেন ওরফে ইকবাল। রায় ঘোষণার সময় কারাগারে আটক ও জামিনে থাকা আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ২০০০ সালের ১২ জুলাই সকাল ১১টায় নগরীর বহদ্দার হাট খাজা রোডের মাথায় প্রকাশ্যে মাইক্রেবাস আরোহী ছাত্রলীগের জাহাঙ্গীর আলম, হাবীবুর রহমান হেলাল, রফিকুল ইসলাম সোহেল, আজিজুল ইসলাম, আবুল কাশেম, জাহিদ হোসেন, মনু মিয়া ও জাহাঙ্গীর হোসেনকে গুলি করে হত্যা করে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা বাকলিয়ার গর্ভনমেন্ট কমার্শিয়াল ইন্সটিটিউটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে ছয়জন এবং পরে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। পরদিনই ছাত্র শিবির মহানগর শাখার তৎকালীন সভাপতি এটিএম মিছবাহুল কবীর, সাধারণ সম্পাদক বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত সাইফুল ইসলাম, শিবির ক্যাডার সাজ্জাদ খান, হাবীব খান, গিট্টু নাসিরসহ ২২ জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়। ২০০১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কর্মকর্তা আবদুল কাদের খান ২২ জন আসামিকে করে আদালতে অভিযোগপত্র দেন। মামলার রায়ে বিচারক বলেন, "এ মামলায় আসামি হিসেবে শ্রেণীভুক্তরা সকলেই ইসলামী ছাত্র শিবির নামক একটি সংগঠনের সদস্য এবং মারা যাওয়দের অধিকাংশই ছাত্রলীগের সদস্য। একটি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ রোমহর্ষক ঘটনা ঘটে।" তিনি আরও বলেন, "এ মামলার সাক্ষ্য গ্রহণকালে সাক্ষীরা আদালতে ঘটনার স্থান, সময়-তারিখ উল্লেখ করলেও প্রকৃত আসামিদের নাম উল্লেখ করে কোন সাক্ষ্য প্রদান করেননি। আদালতের কাছে আরও প্রতীয়মান হয় যে সময়ে এ মামলার সাক্ষীরা আদালতে এসে সাক্ষ্য প্রদান করেন সে সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট সরকার। জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ছাত্র শিবির। চট্টগ্রামের ছাত্র শিবিরের কিছু বিপথগামী ছাত্র এ রোমহর্ষক ঘটনা ঘটিয়েছে বলে প্রতীয়মান হয়।" এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আহসানুল হক হেনা। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিরা উপযুক্ত শাস্তি পেয়েছে। তবে দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এ ঘটনা ঘটলেও এর সুষ্ঠু তদন্ত হয়নি। পরে বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট সরকারের শাসনামলে এ মামলার তদন্ত কার্যক্রম রাজনৈতিক কারণে প্রভাবিত ছিল। পরিস্থিতি পরিবর্তনের কারণে বর্তমান সরকারের আমলে খুব দ্রুত সময়ের মধ্যে সাক্ষ্য নেওয়া ও রায় ঘোষণা সম্ভব হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর আলম আনসারী উপস্থিত সাংবাদিকদের বলেন, কারাগারে আটক ও পলাতক দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা দ্রুতই উচ্চতর আদালতে আত্মসমর্পণ করে আপিল করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/জিএনএ/১৭৫৩ ঘ.