২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানতাম সাধারণ ক্ষমার পর রাজাকার একদিন মন্ত্রী হবে

"শেখ মুজিব যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তখনই জানতাম রাজাকাররা একদিন মন্ত্রী হবে। কৃষি মন্ত্রণালয়ে চাকরি করলে নিজামীর অধীনে কাজ করতে হতো। তাই সরকারি চাকরিতে যোগদান করিনি।" মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা রমাকান্ত ধর স্বাধীনতার পর আজকের অবস্থা নিয়ে কামরুল আম্বিয়াকে তার ক্ষোভের কথা জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

মৌলভীবাজার, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--"শেখ মুজিব যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তখনই জানতাম রাজাকার একদিন মন্ত্রী হবে। কৃষি মন্ত্রণালয়ে চাকরি করলে নিজামীর অধীনে কাজ করতে হতো। তাই সরকারি চাকরিতে যোগদান করিনি।" মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা রমাকান্ত ধর স্বাধীনতার পর আজকের অবস্থা নিয়ে কামরুল আম্বিয়াকে তার ক্ষোভ জানালেন। রমাকান্ত ধর একাত্তরে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের রসদ আর খাদ্য সংগ্রহের কাজ করতেন। ৫৭ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা এখন স্ত্রী-সন্তানের খাবার জোটাতে বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ান এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে। করেন ঘড়ি মেরামতের কাজ। এটাই তার উপার্জনের একমাত্র উপায়। নানা জায়গায় ধরনা দিয়েও মুক্তিযোদ্ধা ভাতা পাননি। তার দিন কখনও যায় অনাহারে, আবার কখনও অর্ধাহারে। মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন রমাকান্ত। তার সাত সন্তানের নাম রবিন, রকম্যান, রনসন, রকসি, ডন, মিলকি, রোনাল্ডো ও রিভাল্ডো। সবারই ইংরেজি নাম। এটা তার অন্যরকম এক প্রতিবাদ। রমাকান্ত বলেন, "বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করলাম। দেশ স্বাধীন হলো। অথচ এ দেশেই শেখ মুজিব হত্যার বিচার হয়নি। মুজিব হত্যার বিচার হয় নাই। সন্তানদের বাংলা নামেরও দরকার নাই।" একাত্তরে তিনি সুনামগঞ্জের দিরাইয়ে। এসএসসি পরীক্ষার্থী। দেশজুড়ে মিটিং-মিছিল চলছে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ তাকে আলোড়িত করে। তখন এলাকায় এলাকায় চলছিল মুক্তিযুদ্ধে অংশ নিতে আগ্রহীদের তালিকা করার কাজ। সে তালিকায় নাম লেখান তিনি। দিরাই থানার তখনকার একজন পুলিশ কর্মকর্তার অধীনে ২৮ জনের একটি দলের প্রশিক্ষণ শেষ হয় ২৪ মার্চ। এলাকায় সে সময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন নাসির উদ্দিন। তার নেতৃত্বে শেরপুরে চলে আসেন তারা। শেরপুর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের খাদ্য ও রসদ জোগান দিতেন তিনি। এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় বাম হাতে আঘাত পান রমাকান্ত। ১৯ জুন অনেক কষ্টে লাতু সীমান্ত দিয়ে ভারতের করিমগঞ্জে চলে যান। সেখানে তিনি ক্যাপ্টেন সাজ্জাদের নেতৃত্বে রেকি (গোয়েন্দাগিরি) করে বেড়াতেন। এভাবেই মৃত্যুর হাতছানির মাঝে কেটে যায় নয় মাস। তার পর দেশ স্বাধীন হয়। রমাকান্ত বলেন, "মাত্র চার'শ টাকার জন্য ঘড়ি মেরামতের যন্ত্রটি ঠিক করতে পারছি না। টাকার অভাবে তৃতীয় সন্তান রনসনকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে পারিনি।" তার ভাষায়, সন্তানদের মুখে দু'মুঠো ভাত তুলে দেওয়া যেনো আরেক যুদ্ধ। একাত্তরের মুক্তিযোদ্ধা এখন জীবন যুদ্ধে পরাস্ত। মৌলভীবাজারের শেরপুরে গ্রামের বাড়ির নিজের জায়গা-জমিও চলে গেছে সন্ত্রাসীদের দখলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/১৫০০ ঘ.