২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ স্বাধীন করেই বাড়ি ফিরব- শেষ চিঠিতে মাকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল

দেশ স্বাধীন করে তবেই বাড়ি ফিরব- এই ছিল মাকে লেখা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শেষ চিঠি। কথা রাখতে গিয়ে জীবন দিতে হয়েছে মোস্তফা কামালকে। লড়াকু এ যোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়ে সম্মান জানিয়েছে জাতি। আর অশীতিপর মালেকা বেগম এখনও বেঁচে ছেলের স্মৃতি নিয়ে। জানাচ্ছেন আহাদ চৌধুরী তুহিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

আহাদ চৌধুরী তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ভোলা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ স্বাধীন করে তবেই বাড়ি ফিরব- এই ছিল মাকে লেখা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শেষ চিঠি। কথা রাখতে গিয়ে জীবন দিতে হয়েছে মোস্তফা কামালকে। লড়াকু এ যোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়ে সম্মান জানিয়েছে জাতি। আর অশীতিপর মালেকা বেগম এখনও বেঁচে ছেলের স্মৃতি নিয়ে। জানাচ্ছেন আহাদ চৌধুরী তুহিন। একাত্তরের ১৮ এপ্রিল ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার আখাউড়া রণাঙ্গনে পাকবাহিনীর সঙ্গে অসম সাহসী এক লড়াইয়ে জীবন দেন সিপাহী মোস্তফা কামাল। প্রাণ বাঁচান সঙ্গীদের। ওই লড়াইয়ে হতাহত হয় বহু শত্র" সেনা। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মস্থান ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রাম বহু আগেই মেঘনায় বিলীন হয়েছে। ১৯৮২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে ছোট একটি একতলা ভবন ও একটি পুকুর করে দেয়। সে বাড়িতেই কথা হয় বীরশ্রেষ্ঠের মায়ের সঙ্গে। "ছোটবেলা থেকেই মোস্তফা কামাল ছিল অত্যন্ত সাহসী। ১০ জনের সমান কাজ একাই করতে পারত। নিজে যা ভালো মনে করত, তাই করত", বললেন মালেকা বেগম। "শেষ চিঠিতে লিখেছিল- মা, আমাকে দোয়া করো, দেশ স্বাধীন করে তবেই বাড়ি ফিরব।" মোস্তফা কামালের মায়ের এ বাড়িটির নাম শহীদ স্মরণিকা। গ্রামের নামও বদলে মোস্তফা কামাল নগর করা হয়েছে। সেখানে নির্মিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘর ও গ্রন্থাগার এখন উদ্বোধনের অপেক্ষায়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিস্থল আখাউড়ায়। মোস্তফা কামালের জন্ম ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর। বাবা হাবিবুর রহমান ছিলেন সেনাবাহিনীর হাবিলদার। দুই ভাই, চার বোনের মধ্যে সবার বড় মোস্তফা কামালের পড়াশোনা খুব বেশি এগোয়নি। ১৯৬৭ সালে বাড়ি থেকে পালিয়ে সেনাবাহিনীতে যোগ দেন দুরন্ত মোস্তফা কামাল। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশ মাতৃকার ডাকে সাড়া না দিয়ে পারেননি তিনি। বীরশ্রেষ্ঠ সন্তানের মা হওয়াটা গর্বের, মালেকা বেগমের কাছে। বলেন, "বীরশ্রেষ্ঠর মা হিসাবে সবাই সম্মান করে, এটা বেশ ভালো লাগে।" তবে অভাব-অনটন নিয়ে খেদও রয়েছে তার। তিনি বলেন, "সরকার বীরশ্রেষ্ঠদের সম্মান দিতে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন স্থাপনা তৈরি করছে। কিন্তু তাদের পরিবার কীভাবে বেঁচে আছে; তারা খেতে-পরতে পারছে কিনা- সে খোঁজটুকু নেওয়ারও প্রয়োজন মনে করে না।" মালেকা বেগম জানান, বীরশ্রেষ্ঠ ভাতা হিসাবে মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হয় পরিবারকে। এর মধ্যে আড়াই হাজার টাকা তিনি পান। আর মোস্তফা কামালের পেনশন বাবদ পান ৯৯৮ টাকা। ভাতার বাকি অর্ধেক পান বীরশ্রেষ্ঠর একমাত্র সন্তান অকালপ্রয়াত মোশারেফ হোসেন বাচ্চুর স্ত্রী পারভিন আক্তার মুক্তা। মুক্তা থাকেন খুলনার টুটপাড়ায়, তার ভাইয়ের কাছে। হতাশ কণ্ঠে মালেকা বেগম বলেন, "যে বাড়ি করে দেওয়া হয়েছে, নিয়মিত সংস্কারের অভাবে এর অবস্থাও ভালো নেই। প্রতি বছর মার্চ আর ডিসেম্বর মাস এলে প্রশাসনের লোক আর সাংবাদিকরা এসে খবর নেয়। এরপর আর কারও দেখা মেলে ন।" বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বাবা হাবিবুর রহমান মারা গেছেন ২০০৫ সালে। জীবিত আছেন এক ভাই মোস্তাফিজুর রহমান এবং তিন বোন জাহানারা বেগম, হাসনেয়ারা বেগম ও হোসনে আরা বেগম। মোস্তফা কামালের স্ত্রী পেয়ারা বেগম ২০০৬ সালে মারা যান। বীরশ্রেষ্ঠর সন্তান মোশারেফ হোসেন বাচ্চু ১৪/১৫ বছর আগে মারা যান। তার একমাত্র সন্তান অনামিকা মিলিও মারা যায় কয়েক বছর আগে। মোস্তফা কামালের জীবিত ভাই মোস্তাফিজুর রহমানের পরিবার থাকে মালেকা বেগমের সঙ্গেই। মোস্তাফিজুর রহমান কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের কর্মচারী। তবে তার চাকরিটি স্থায়ী নয়। মোস্তাফিজুরের চাকরিটি যেন স্থায়ী হয় সেদিকে দৃষ্টি দিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন মালেকা বেগম। আর সরকারের প্রতি তার আহ্বান, বিশেষ দিন নয়, সব সময়ই যেন তাদের খোঁজ-খবর নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৫২ ঘ.