২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিতে মানববন্ধন

বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ধারণে কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2008, 09:16 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ধারণে কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার মানববন্ধন হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমি, জিইসি মোড়, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল ১১টায় পাহাড়তলী বধ্যভূমির সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। এ সময় নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান উপস্থিত ছিলেন। নগরী ছাড়াও জেলার পশ্চিম পটিয়া, পটিয়া, চন্দনাইশ ও দোহাজারীতেও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধন করেছে বলে জানিয়েছেন কর্মসূচি আহ্বানকারী সংগঠন 'সমৃদ্ধ বাংলাদেশ'র সমন্বয়কারী নাসিমুল গনি। নাসিমুল গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের এই দুই নৈসর্গিক স্থানকে সবাই সচেতন হয়ে বেশি ভোট দিলে এই প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। যা বাংলাদেশকে বিশ্বের দরবারে আর পরিচিত করতে ভূমিকা রাখবে।" মানববন্ধনে অংশগ্রহণকারীরা নানা রকমের ব্যানার-ফেস্টুন নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবাই সচেতন হলে এবং বেশি বেশি ভোট দিলে বাংলাদেশ প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ধারণের প্রতিযোগিতায় এগিয়ে যাবে। অন্যান্য বিভিন্ন সংগঠনেরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিৎ ।" বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ধারণের জন্য নির্বাচিত প্রথম সাতটি স্থানের মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবনের নাম রয়েছে। ভোটের হিসাবে প্রথম দিকে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে থাকলেও বর্তমানে স্থান দুটির অবস্থান চতুর্থ ও পঞ্চম। প্রাথমিক তালিকার জন্য ইন্টারনেটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই প্রাথমিক তালিকায় প্রথম প্রথম ২১টি স্থান থেকে চূড়ান্ত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমআই/১৫১০ ঘ.