ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরা এলাকায় বুধবার সকালে এক ঠিকাদারকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতের নাম সাহাদত-উন-নবী (৩৮)। সকাল সাড়ে ৬টার দিকে রামপুরার ঝিনুক হোটেলের সামনে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সাহাদাতের বাসা ধানমণ্ডির সোবাহানবাগ এলাকায়। তিনি মিরপুর রোডের 'ফ্যামিলি ওয়ার্ল্ড' শপিং মলের মালিক বাবলার ভাই।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৬টার দিকে ঝিনুক হোটেলের সামনের রাস্তায় সাহাদাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় তার মোটর সাইকেল ও হেলমেট পাশেই পড়ে ছিল।"
পুলিশের ধারণা, সন্ত্রাসীরা সাহাদাতকে হত্যা করে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিসি/এমআই/১৩৪৯ ঘ.
bdnews24