২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার দেখা হলো না বীরবিক্রম ইব্রাহীমের

যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলেন না মুক্তিযোদ্ধা ইব্রাহীম বীরবিক্রম। দীর্ঘদিন রোগে ভুগে দারিদ্র্য আর অবহেলার মধ্যেই মঙ্গলবার মৃত্যু হলো তার। গত ৭ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বীর মুক্তিযোদ্ধা বলেছিলেন, "মৃত্যুর আগে নরঘাতক যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলে শান্তি পেতাম।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2008, 07:27 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

আবু নাছের মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নোয়াখালী, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলেন না মুক্তিযোদ্ধা ইব্রাহীম বীরবিক্রম। দীর্ঘদিন রোগে ভুগে দারিদ্র্য আর অবহেলার মধ্যেই মঙ্গলবার মৃত্যু হলো তার। গত ৭ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বীর মুক্তিযোদ্ধা বলেছিলেন, "মৃত্যুর আগে নরঘাতক যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলে শান্তি পেতাম।" ক্ষোভ নিয়ে জানিয়েছিলেন, যুদ্ধাপরাধীরা নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেলে ভোট কেন্দ্রেই যাবেন না। সে ক্ষোভ আর হতাশা নিয়েই জাগতিক দুনিয়ার ঊর্ধ্বে চলে গেলেন ইব্রাহীম বীরবিক্রম। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুরের নিজ বাড়িতেই মঙ্গলবার রাত ৮টার সময় মৃত্যু হয় মুক্তিযোদ্ধা ইব্রাহীমের। স্বাধীনতা দিবসে বুধবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহীম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অর্ধ পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছিলেন। তিনি ১৯৫৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। সৈনিক থাকা অবস্থাতেই '৭১ এ স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি। ২৫ মার্চ রাতে যশোর সেনানিবাসের বাঙালি সৈনিকদের সঙ্গে নিয়ে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন মোহাম্মদ ইব্রাহীম। সিলেট রণাঙ্গণে যুদ্ধ করেন তিনি। যুদ্ধে তার বাম হাত ও বাম পা গুলিবিদ্ধ হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। স্ত্রী, ছয় মেয়ে ও এক ছেলের সংসারে দারিদ্র্যের কারণে দুই মেয়েকে বিয়ে দিতে পারেননি এ মুক্তিযোদ্ধা। নিজের চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ ছিল তার। যুদ্ধাপরাধীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দারুণ ক্ষুব্ধ মোহাম্মদ ইব্রাহীম শেষ সাক্ষাৎকারে বলেছিলেন, "ক্ষমতায় যাওয়ার জন্য সব সরকারই তো স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মাখামাখি করেছে; তাদের নিয়ে নির্বাচন করেছে। তাই আগামীতে যে সব নির্বাচনে স্বাধীনতাবিরোধীরা দাঁড়ানোর সুযোগ পাবে, আমি ইব্রাহীম সে নির্বাচনে ভোট দিতে যাব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২১ ঘ.