ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওএমএস কর্মসূচিতে ক্রেতাদের চাল নেওয়ার পরিমাণ ও ডিলারদের চাল বিক্রির কমিশন বাড়িয়েছে সরকার। এখন থেকে ক্রেতারা সর্বোচ্চ ৫ কেজি করে চাল নিতে পারবে। ডিলারদের কমিশন বেড়েছে কেজি প্রতি ৫০ পয়সা।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে 'কোর কমিটি'র প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য গঠিত এই কোর কমিটির ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম, কৃষি উপদেষ্টা সি এস করিম, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এ এম এম শওকত আলী, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার; অর্থ, কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব ও বাংলাদেশ রাইফেলস-এর মহাপরিচালক।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের জানান, বৈঠকে সারাদেশে চলমান ওএমএস, ভিজিএফ ও ভিজিডি কর্মসূচি পর্যালোচনা করা হয়।
তিনি জানান, আগে ক্রেতারা ওএমএস এর মাধ্যমে সর্বোচ্চ চার কেজি চাল নিতে পারলেও এখন থেকে ৫ কেজি করে চাল নিতে পারবে। চালের ডিলারদের কমিশন প্রতিকেজিতে ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে। আগে তারা প্রতি কেজি এক টাকা করে কমিশন পেতো। এখন থেকে প্রতি কেজিতে দেড় টাকা করে কমিশন পাবেন।
গত ২৩ মার্চ সরকার কোর কমিটি গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএআর/এমএইচবি/২১৪৭ ঘ.
bdnews24