২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জ্বালানি সচিব ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বিরুদ্ধে মামলা

লাইসেন্স বাতিল করায় মঙ্গলবার বগুড়ার একটি আদালতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর বগুড়া আঞ্চলিক কার্যালয় প্রধানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ঠিকাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

বগুড়া, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইসেন্স বাতিল করায় মঙ্গলবার বগুড়ার একটি আদালতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর বগুড়া আঞ্চলিক কার্যালয় প্রধানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পাপ্পু ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল ওয়াজেদ বগুড়ার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের নামে সমন জারি করেছেন। মামলায় অভিযুক্ত অপর চার বিবাদী হলেন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন), উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা), উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) ও ব্যবস্থাপনা পরিচালক। মামলায় অভিযোগ করা হয়, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বগুড়া আঞ্চলিক কার্যালয় প্রধান মো. ফজলে আলমের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ এনে আব্দুল ওয়াজেদ ও অন্য ঠিকাদাররা গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এসব অনিয়মের বিষয়ে কোম্পানির উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) কোন ব্যবস্থা না নিয়ে উল্টো তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করেন। এই ব্যবস্থা নেওয়ার আগে বিধি অনুযায়ী তাকে কোন ধরনের কারণ দর্শানোর সুযোগও দেওয়া হয়নি। অভিযোগে আরও বলা হয়, আব্দুল ওয়াজেদের ঠিকাদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করার পর তার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ এনে সেসবের ব্যাখ্যা তলব করা হয়। তিনি সেসবের ব্যাখ্যা দিয়ে সরেজমিন তদন্তের দাবি জানালেও বিষয়টি তদন্ত না করে তা ঝুলিয়ে রাখা হয়। দীর্ঘদিন তার প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় গত ৫ মার্চ তিনি তার আইনজীবীর মাধ্যমে কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) বরাবরে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এরপর বিবাদীরা পিছনের তারিখ দিয়ে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে। ঠিকাদার আব্দুল ওয়াজেদের আইনজীবী রেজাউল করিম মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মক্কেলকে অন্যায় ভাবে হয়রানি করায় এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিষয়ে প্রকৌশলী মো. ফজলে আলম বলেন, "এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি বগুড়ায় গ্যাস বিক্রি করতে এসেছি। আমার বিরুদ্ধে মামলা হবে কেন?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০২০ ঘ.