চাঁদপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাস বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর নৌ-পথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ডুবো চরে ফেরি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এক ঘন্টা আটকে থাকার পর জোয়ারের সময় আবার তা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
সঠিকভাবে খনন না হওয়ায় হরিণা চ্যানেলের নাব্যতা সংকট রয়ে গেছে। খনন কাজ শেষ না করেই বেসরকারি মালিকাধীন খনন জাহাজ 'বঙ্গখনক' চাঁদপুর ত্যাগ করায় ফেরি চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্থানীয় কর্মকর্তাদের কারো কারো মতে, খনন কাজ ঠিক মত না করায় জোয়ারের উপর নির্ভর করে ফেরি চলাচল করতে হবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সোমবার শরীয়তপুর থেকে ফেরি চলাচল শুরু হয়। ওই দিন 'ফরিদপুর' নামের ফেরিটি চাঁদপুর আসার পথে হরিনা চ্যানেলের মুখে ডুবো চরে আটকা পড়ে। মঙ্গলবার সকালে চাঁদপুরের হরিনা ঘাট থেকে ওই ফেরি শরীয়তপুরে রওনা হয় এবং আবারও ডুবো চরে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি হরিনা ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক জহির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে চাঁদপুর থেকে ৫টি ট্রাক নিয়ে ফেরি 'ফরিদপুর' শরীয়তপুর গেছে। জোয়ার থাকায় ফেরিটির শরীয়তপুর দিকে যাওয়া সম্ভব হয়েছে। আবার বিকেল ৪টার দিকে জোয়ারের সময় এটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবে।
তিনি ক্ষোভের সুরে বলেন, "যারা খনন কাজ করেছে তারা শুধু পয়সা বাঁচিয়ে গেছে, কম খরচ করেছে। ভালভাবে খনন করেনি।"
জহির উদ্দিন জানান, এর ফলে দীর্ঘদিন এই পথে ফেরি চলাচল আবার শুরু হলেও প্রথম দিনেই শরীয়তপুর থেকে ছেড়ে আসা ফেরিটি চাঁদপুরের হরিনার মুখে এসে চরে আটকে যায়। এক ঘণ্টা আটকে থাকার পর আবার জোয়ারের সময় তা ওইদিন বিকেলে ঘাটে ফিরে আসে। ওই সময় ফেরিতে দুটি গাড়ি ছিল।
চাঁদপুর-শরীয়তপুর নৌপথে যে ফেরিটি এখন চলাচল করছে এটি গত ২৩ মার্চ ঢাকার মাওয়া ঘাট থেকে আনা হয়েছে। নদীতে নাব্যতা সংকটের কারণে একটি ফেরিই আপাতত ব্যবহার করা হচ্ছে। বর্ষা মওসুমে পানি বাড়লে আরও একটি বা দুটি ফেরি চালু করা হবে বলে তিনি জানান।
বিআইডব্লিউটিসির চাঁদপুরের উপ-পরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরি চলাচলের সুবিধার্থে খনন করা হলেও যে পরিমাণ কাজ হয়েছে তা যথেষ্ট নয়।
খনন কাজ অসম্পূর্ণ রেখে 'বঙ্গখনক' চাঁদপুর থেকে চলে যাওয়া বিষয়ে তিনি বলেন, "এ সম্পর্কে আমরা কিছু জানি না। বিষয়টি সংস্থার প্রধান কার্যালয় (হেড অফিস) জানে। ওই কার্যালয়ে খনন বিষয়ে একটি আলাদা বিভাগ রয়েছে।"
বিআইডব্লিউটিসির চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী এ কে এম মঞ্জুরুল আলম জানান, চাঁদপুর নৌ-চ্যানেলে দীর্ঘদিন যাবত খনন না হওয়ায় এখন নৌ পথের নাব্যতা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। সরকারিভাবে খনন করতে হলে কোটি কোটি টাকার প্রয়োজন। সরকারের সীমাবদ্ধতার মধ্যে যেটুকু সম্ভব তাই করা হচ্ছে।
২০০৭ সালের ১৭ ডিসেম্বর নাব্যতা সংকটের কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় তিন মাস খনন কাজ করার পর ২৩ মার্চ নাব্য অংশ চিহ্নিত করে দেওয়া হয়। এখন এই পথেই ফেরি চলাচল করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.
bdnews24