২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিল-নভেম্বর টেকনাফ-সেন্টমার্টিন পথে পর্যটক জাহাজ চলাচল বন্ধ

আগামী ৩১ মার্চের পর থেকে আগামী শীত মওসুম পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটক জাহাজ চলাচল করবে না। বৈরি আবহাওয়ার কথা বিবেচনা করে মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটি পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

কক্সবাজার, মার্চ ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী ৩১ মার্চের পর থেকে আগামী শীত মওসুম পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটক জাহাজ চলাচল করবে না। বৈরি আবহাওয়ার কথা বিবেচনা করে মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটি পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শীত মওসুমে অর্থাৎ নভেম্বরের প্রথম দিক থেকে অনুমতি সাপেক্ষে আবার পর্যটক জাহাজ চলাচল শুরু হবে। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির ওই সভায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বৈরি আবহাওয়ার কথা বলে সেন্টমার্টিনগামী পর্যটক জাহাজ বন্ধ রাখার প্রস্তাব তোলেন। সভায় আলোচনার পর বিডিআর ও নৌ বাহিনী প্রতিনিধিদের সুপারিশে আগামী ১ এপ্রিল থেকে জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবার সম্মতিতে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "পর্যটকবাহী কোন জাহাজ যদি খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয় তার দায়-দায়িত্ব কে নেবে।" সেন্টমার্টিন রুটে চলাচলকারী কেয়ারী সিন্দাবাদের কক্সবাজারের ব্যবস্থাপক আবু নোমান জানান, জাহাজ বন্ধের বিষয়টি তারা জানেন না। তিনি জানান, চলতি মৌসুমে ৫ নভেম্বর থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন রুটে বর্তমানে কেয়ারী সিন্দাবাদ, ঈগল-১, ফারহান ক্রুজ, এলসিটি কুতুবদিয়া ও সী-ট্রাক চলাচল করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭২৭ ঘ.