ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ মার্চকে রাষ্ট্রীয়ভাবে 'গণহত্যা দিবস' ঘোষণার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা গণপরিষদ। মঙ্গলবার দুপুরে পিলখানায় বাংলাদেশ রাইফেলস এর সদর দপ্তরের শহীদ বেদীতে মুক্তিযোদ্ধা গণ-পরিষদের শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
সভায় ভাষা সৈনিক আব্দুল মতিন বলেন, "দেশ কোনো দিক দিয়েই স্থিতিশীল নয়। এখন পর্যন্ত কোনও সরকারই যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেনি। যেভাবেই হোক সমাজ থেকে এ বিষবৃক্ষ দূর করতে হবে। তা না হলে এ দেশের কোন উন্নতি হবে না।"
তিনি অভিযোগ করে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বর্তমান সরকারের এক ধরনের দোদুল্যমানতা রয়েছে।" সরকার বিচার না করলে সাধারণ মানুষই যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে তিনি মন্তব্য করেন।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বলেন, "মুক্তিযুদ্ধে ইপিআর সদস্যদের অবদান অবিস্মরণীয়। ২৫ মার্চের রাত্রে প্রায় দেড়'শ জন ইপিআর সদস্য শহীদ হন। নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধে শহীদ হন প্রায় ১৪ হাজার সদস্য।"
মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, "আমরা মানচিত্র পেয়েছি, জাতীয় পতাকা পেয়েছি। কিন্তু দেশের সাধারণ মানুষ এখনও না খেয়ে, আধপেটা খেয়ে দিন পার করছে। "
উলফাত আরও বলেন, "৭১-এর ২৫ মার্চের কালরাত্রিতে যারা আত
bdnews24