ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার সকালে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে গুলি করে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মো: ইউসুফ (৩৫)। তিনি ১৫৩, কাঠপট্টি, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ও আবেদ আলি মোল্লার ছেলে।
আহতের বড় ভাই ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সকাল ১০টার দিকে ইউসুফ মিটফোর্ড এলাকায় মালামাল বিক্রি করে সাইকেলে করে মোহাম্মদপুরে তার দোকানে ফিরছিলেন।"
কলাবাগান মাঠের কাছে পৌঁছানোর পর মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি সাইকেলের গতিরোধ করে তার বুকের ডানদিকে গুলি করে এবং প্রায় সাড়ে তিন লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।
ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, গুরুতর আহত ইউসুফকে প্রথমে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৩১ ঘ.
bdnews24