২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'টকটকে হয়ে উঠলো ঢাকার অন্ধকার আকাশ'

রাত তখন সাড়ে এগারোটা। শোওয়ার জন্য তৈরি হচ্ছি। সেই সময় রাজারবাগ পুলিশ লাইনের দিকে বন্দুকের গুলির শব্দ শুনলাম। অনেকক্ষণ যাবৎ গুলি বর্ষণ। কোনো জনতার ওপর আক্রমণ হলে যেমন শব্দ হয় তেমন নয়। আব্দুল হকের ডায়েরি থেকে বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 05:00 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাত তখন সাড়ে এগারোটা। শোওয়ার জন্য তৈরি হচ্ছি। সেই সময় রাজারবাগ পুলিশ লাইনের দিকে বন্দুকের গুলির শব্দ শুনলাম। অনেকক্ষণ যাবৎ গুলি বর্ষণ। কোনো জনতার ওপর আক্রমণ হলে যেমন শব্দ হয় তেমন নয়। আব্দুল হকের ডায়েরি থেকে বিস্তারিত। কান পেতে কোথাও কোথাও "জয় বাংলা" শব্দ শুনলাম, কিন্তু খুচরো স্লোগান, বড় জনতার নয়। শুধু শুধু গুলি বর্ষণ করা হচ্ছে এ রকম শব্দ। বড় রাস্তার কাছাকাছি এলাকা থেকে কিছু কিছু লোক আসছিলো, বিশেষ ছুটাছুটি করে নয়। রাস্তায় যেতে যেতে, কে যেন বললো, পুলিশ ও ই. পি. আর. পজিশন নিচ্ছে। একটার কাছাকাছি সময়ে এমন কতকগুলো শব্দ ঘন ঘন শোনা গেলো যা মেশিনগান, স্টেনগান ও কামানের মতো। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেলো পুলিশ লাইনে একদিকে পুলিশ ও সম্ভবত ই. পি. আর. এবং আরেক দিকে সামরিক বাহিনীর মধ্যে লড়াই হচ্ছে। অনেকক্ষণ ধরে এই রকম চলল, অন্ধকার রাত্রির আকাশ লাল টকটকে হয়ে গেলো আগুনের রঙে, যতটা সম্ভব সতর্কতার সঙ্গে ছাদের ওপর উঠে দেখলাম রাজারবাগ পুলিশ লাইন জ্বলছে। জ্বলছে রেল স্টেশনের দিকে কিছু এবং জ্বলছে হাইকোর্টের দিকে আরো কিছু। বহু দূরে বোধ হয় মিরপুরের দিকেও তেমনি লাল আকাশ। আমাদের এদিকে কালো আকাশ চিরে মাঝে মাঝে রক্তবর্ণ গুলি শূন্য দিয়ে ছুটে যাচ্ছে। পুলিশ লাইনের দিক থেকে দলে দলে নারী-পুরুষ-বালক এদিকে ছুটে আসতে লাগলো। কোনো কোনো গুলি মনে হচ্ছিলো এই বাড়িতে এসে লাগবে। সবাইকে নিরাপদ জায়গায় বসালাম। মঞ্জু কান্নাকাটি করতে লাগলো। তাকে কিছুক্ষণ রাখলাম বাথরুমে। সেখানে গুলি যাবে না, তারপর বিছানার নিচে শুইয়ে দিলাম। আশেপাশের সমস্ত বাড়ি অন্দকার, কিন্তু বোঝা যাচ্ছিলো সবাই জেগে অন্ধকারে বসে আছে। অনেকক্ষণ পরে বোঝা গেলো, পুলিশ লাইন সেনাবাহিনীর দখলে এসে গেছে। মাঝে মাঝে বড় বড় আকাশবিদারী আওয়াজের পাশাপাশি বন্দুকের ছোট ছোট আওয়াজ শোনা যাচ্ছিলো। মনে হচ্ছিল পুলিশই এসব গুলি করছে। কারণ তাদের কাছে বড় অস্ত্র নেই। জনসাধারণ খুব ভয় পেয়ে গেছে। পোঁটলা-পুঁটলি নিয়ে দলে দলে শহর ছেড়ে যাচ্ছে। পরে শোনা গেছে, কেবল রাজারবাগে নয়, শহরের অনেক জায়গায় একদিকে পুলিশ ই. পি. আর. এবং অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/জিএনএ/১০৫০ ঘ.