ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার এসেছে বাঙালির ইতিহাসের সেই ভয়ঙ্কর কালরাত্রির দিন ২৫ মার্চ। ৩৭ বছর আগে ১৯৭১ সালের এদিনটির মধ্যরাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল শ্বাপদের হিংস্রতা নিয়ে।
পূর্ব পাকিস্তানের শোষিত -নিপীড়িত বাঙালির স্বাধীনতার দাবিকে স্তদ্ধ করে দেওয়ার জন্য রাতের অন্ধকারে আঘাত হানে তারা। মেশিনগান-মর্টার-ট্যাঙ্ক নিয়ে হানাদাররা হত্যা করে কয়েক হাজার নিরীহ মানুষকে।
১৬ মার্চ থেকে আলোচনার নাটকের পর ২৫ তারিখ সন্ধ্যায় গোপনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিমানে ওঠেন ইয়াহিয়া। যাওয়ার আগে তার সেনাবাহিনীকে দিয়ে যান হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ।
মধ্যরাতে ঢাকায় শুরু হয় কুখ্যাত 'অপারেশন সার্চলাইট'। ইয়াহিয়ার সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, শিক্ষকদের আবাসিক এলাকা, পুলিশ-ইপিআর ব্যারাকসহ আবাসিক এলাকা এবং বস্তিবাসীর ওপর নজিরবিহীন আক্রমণ চালায়। নয় মাসব্যাপী ভয়াবহ গণহত্যা, নিপীড়ন, অগ্নিসংযোগ, লুটতরাজের সূচনা হয় এ রাতে।
মাঝরাতের পর ট্যাংক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকে হানাদার বাহিনী। গ্রেনেড, গুলি আর বেয়োনেট চালিয়ে বিভিন্ন হলে কয়েকশ' ছাত্রকে হত্যা করে তারা। জগন্নাথ হলে ছয় জন ছাত্রকে পিঠে বন্দুকের নল চেপে ধরে বাধ্য করা হয় সহপাঠীদের কবর খুঁড়তে। পরে তাদের ওপরও গুলি চালানো হয়। ওই পাঁচজনের মধ্যে বেঁচে যান কালীরঞ্জন নামের একজন। পরে পৃথিবীকে তিনিই জানান ক্যাম্পাসে পাকিস্তানী বাহিনীর সেই বর্বরতার বিবরণ।
সেই হামলা থেকে রোকেয়া হলের ছাত্রীরাও রেহাই পায়নি। গুলি করে হত্যা করা হয় দর্শন বিভাগের প্রধান ৬৫ বছরের বৃদ্ধ ড. গোবিন্দ চন্দ্র দেবসহ বেশ কয়েকজন অধ্যাপককেও।
রাত একটার পর ধানমন্ডির বাড়ি থেকে পাক সেনারা ট্যাঙ্ক আর সাঁজোয়া যান নিয়ে গিয়ে গ্রেপ্তার করে স্বাধীনতাকামী বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধুকে। পরে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে। অনেকেই ওই বাড়ি ছেড়ে যেতে বললেও যাননি বঙ্গবন্ধু। তিনি বলেছিলেন, "আমাকে না পেলে ওরা ঢাকা জ্বালিয়ে দেবে।"
গ্রেপ্তার হওয়ার আগে ওয়ারলেসে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হান্নান শাহ-র কাছে স্বাধীনতাযুদ্ধ শুরু করার বার্তা পাঠিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু যা পরদিন বেতারে পাঠ করা হয়।
বঙ্গবন্ধুকে পেলেও অবশ্য ঢাকাকে জ্বালিয়ে -পুড়িয়ে দেয় নৃশংস পাকিস্তানী সৈন্যরা। ওই রাতে তাদের দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল রাজারবাগে পূর্ব পাকিস্তান পুলিশ সদর দপ্তর। সেখানকার বাঙালি পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করতে রাজি না হয়ে অস্ত্র বাগিয়ে ধরেন। ট্যাংক, কামানের গোলা আর মেশিনগানের বিরুদ্ধে প্রায় সারারাত বীরত্বের সঙ্গে লড়ে প্রাণ দেন ১১০০ পুলিশ সদস্য। জ্বালিয়ে দেয়া হয় পুলিশ সদর দপ্তর।
একইভাবে হার না মেনে লড়ে প্রাণ বিসর্জন দেন পিলখানার ইপিআর সদস্যরা।
গোটা ঢাকা শহর জুড়েই চলে নারকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞ। বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিযোগাযোগ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটকে রাখা হয় বিপুলসংখ্যক বিদেশি সাংবাদিককে। পুড়িয়ে দেয়া হয় 'দি পিপলস' পত্রিকার কার্যালয়।
পাকিস্তান সেনাবাহিনীর এই হামলার জবাব দিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিরোধে এগিয়ে আসে সেনাবাহিনী, ইপিআর ও পুলিশের বাঙালি সদস্যরা। গড়ে ওঠে গণমানুষের মুক্তিবাহিনী। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ।
এরই ধারাবাহিকতায় নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা, জন্মলাভ করে স্বাধীন বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/০৯৩০ঘ.
bdnews24