২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ম সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 06:13 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে আপিল বিভাগ। সোমবার আপিলটি দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দিয়ে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি জয়নুল আবেদীন ও বিচারপতি হাসান আমিনের বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়, "আপিলটিতে গুরুতর সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিসহ পরবর্তী আদেশের জন্য এটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো।" ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের হাইকোর্ট বেঞ্চ রাজধানীর 'মুন' সিনেমা হল নিয়ে দায়ের করা একটি মামলার রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করেন। ওই দিনই আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে দেন। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই বছর ৩১ আগস্ট হাইকোর্টের রায় দুই মাসের জন্য স্থগিত করে। এরপর কয়েক দফায় এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। পঞ্চম সংশোধনীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত ফরমান, সামরিক আইন প্রবিধান ও অন্যান্য সামরিক আদেশ ও সিদ্ধান্তকে বৈধতা দেওয়া হয়। ওই সময়ের মধ্যেই মুন সিনেমা হলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এর বিরুদ্ধে সিনেমা হল কর্তৃপক্ষের দায়ের করা মামলার রায়ে হাইকোর্ট সংশোধনীটিকে অবৈধ ঘোষণা করে। ওই রায়ে হাইকোর্টের ২১টি পর্যবেক্ষণের উল্লেখ ছিল। এসব পর্যবেক্ষণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত ক্ষমতার হাতবদল ও সরকারের বিভিন্ন পদক্ষেপকে অবৈধ ও বেআইনী ঘোষণা করা হয়। তবে রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আইন লংঘিত হলেও প্রয়োজনের তাগিদে সে সময় যেসব কাজ করা হয়েছে, তার ভেতরে সংবিধান সমুন্নত থাকলেও করা হতো এমন কাজগুলোকে বাতিলের দায় থেকে মার্জনা করা হল। আপিলটির ওপর শুনানির জন্য সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জয়নুল আবেদীন তুহিন আদালতে উপস্থিত ছিলেন। অপরপক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/জেকে/এসকে/০০০৫ঘ.