২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সওজের ৭ প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে ঘুষের মামলা সত্য নয়: বাদীর হলফনামা

সড়ক ও জনপথ বিভাগের সাত প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে ১৪ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সত্যি নয় বলে আদালতে হলফনামা দিয়েছেন মামলার বাদী গুলশানের ব্যবসায়ী মো. মেহবুব কবির। এতে তিনি দাবি করেছেন, একটি লিখিত এজাহারে তাকে সই করতে বাধ্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 06:05 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সড়ক ও জনপথ বিভাগের সাত প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে ১৪ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সত্যি নয় বলে আদালতে হলফনামা দিয়েছেন মামলার বাদী গুলশানের ব্যবসায়ী মো. মেহবুব কবির। এতে তিনি দাবি করেছেন, একটি লিখিত এজাহারে তাকে সই করতে বাধ্য করা হয়েছে। তবে এজাহারে সই করতে কারা বাদীকে বাধ্য করেছে সে সম্পর্কে হলফনামায় কিছু বলা হয়নি। ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী সোমবার হলফনামাটি গ্রহণ করে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক সফিউল বাশারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। মেহবুব কবির তার হলফনামায় বলেছেন, এজাহারে ৮ আসামির বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা 'পুরোপুরি মিথ্যা'। এজাহারের বর্ণনা অনুযায়ী তিনি সওজের অভিযুক্ত প্রকৌশলীদের ঘুষ দেয়ার জন্য ধানমন্ডির সাত মসজিদ রোডের পিজা কর্নারে যাননি। আসামিদের সঙ্গে ঘুষ লেনদেনের কোনো কথাবার্তাও তার হয়নি বলে দাবি করেন তিনি। মামলার আট আসামি হলেন- সওজের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্লক ম্যানেজমেন্ট) মমিনুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কুমিল্লা) রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যমুনা সেতু) আব্দুল্লা হেল কাফি, নির্বাহী প্রকৌশলী আলী মাসুদ হায়দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএইচএম মাইনুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার পাল ও প্রকল্প সমন্বয়কারী মমতাজউদ্দীন। গত ১০ জানুয়ারি ধানমন্ডি থানায় দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, মেহবুব কবির এশিয়ান ট্রাফিক টেকনোলজি লিমিটেডের পরিচালক হিসেবে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন সড়ক ও সেতুর টোল আদায় করে আসছিলেন। আসামিরা রূপসা সেতুর টোল আদায়ে গুরুতর অনিয়মের কথা বলে ভয় দেখিয়ে মেহবুব কবিরের কাছ থেকে ঘুষ দাবি করে। ৯ জানুয়ারি রাতে ধানমন্ডির পিজা কর্নারে 'ঘুষ লেনদেনের সময়' ১৩ লাখ ৯৯ হাজার নগদ টাকাসহ আট আসামিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। আসামিদের আইনজীবী মুনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটির সব ঘটনাই মিথ্যা। বাদীকে বানানো এজাহারে সই করতে বাধ্য করা হয়েছিল। তিনি বিষয়টি স্বীকার করে ১৮ মার্চ আদালতে হলফনামা দিয়েছেন।" এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা মো. আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এটা ঠিক যে বাদী ওই হলফনামা আদালতে দাখিল করেছেন। তদন্ত কর্মকর্তা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রকৃত ঘটনার কথা আদালতকে জানাবেন।" আসামিদের সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২৩৪৮ঘ.