মৌলভীবাজার, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সতীজিরগাঁও গ্রামে রোববার রাতে মহিউদ্দিন লিটন (১৮) নামে এক কলেজ ছাত্রকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
লিটন শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীর কারিগরিবিদ্যা বিভাগের ছাত্র।
লিটনের বাবা আরজু মিয়া জানান, রাত ৯টার দিকে শমসেরনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫/৬জন লোক লিটনকে ধরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর লোকজন আসতে দেখে তারা পালিয়ে যায়। এ অবস্থায় লিটন সড়কের পাশে লাঘাটা নদীতে ঝাঁপ দেয়। বাজার থেকে ফেরার পথে গ্রামের লোকজন গোঙানোর শব্দ পেয়ে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেননি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক আশুতোষ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে লিটনের গলা, হাত ও বুক ঝলসে গেছে। আশংকাজনক অবস্থায় তাকে সোমবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমন একটি ঘটনার কথা আমরা শুনেছি। শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় এখনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24