ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ছাত্র মাহবুব আলম সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন।
আইসিই বিভাগের সভাপতি তপন কুমার জোদ্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মাহবুব আলমের অকাল মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইসিই বিভাগের মাস্টার্সের ছাত্র মাহবুব আলম কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর ম্যানভিল ছাত্রাবাসের উঠানে গোসল সেরে তারে লু্িঙ্গ নেড়ে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হন। ছাত্রাবাসে অবস্থানরত অন্য ছাত্ররা সঙ্গে সঙ্গে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই মাহবুবের মৃত্যু হয়।
ছেলের লাশ দেখে নির্বাক হয়ে যান মাহবুবের অসুস্থ বাবা, মা ও দুই বোন। বিকেলে নিজ বড়িতে তাকে দাফন করা হয়।
এদিকে সকাল সোয়া ৮টার দিকে মাহবুবের মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছলে তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ছুটে যান কুষ্টিয়া সদর হাসপাতালে।
এ ঘটনায় আইসিই বিভাগে সোমবার কোন ক্লাশ হয়নি। বন্ধ হয়ে যায় তৃতীয় বর্ষের নির্ধারিত চূড়ান্ত পরীক্ষাও। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি বৈদ্যুতিক তার ওই কাপড় নাড়ার তারটির সঙ্গে সংযুক্ত হওয়ায় সেটা বিদ্যুতায়িত হয়ে যায়।
বিভাগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব কুষ্টিয়া জেলার মিরপুর থানার কুরিপোল গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে মাহবুব ছিল সবার বড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24