ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সেবা খাত পরিচালনার দায়িত্ব বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্পোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী।
সোমবার পর্যটন কর্পোরেশনে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। এতে পর্যটন খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
শফিক আলম মেহেদী জানান, পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে আনতে এগুলোর পর্যটন কর্পোরেশনে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।
দেশের অন্যতম পর্যটন স্থান কক্সবাজারকে বিশ্বের প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের তালিকায় রাখতে ইন্টারনেটের মাধ্যমে ভোট দেওয়ার জন্যও জনসাধারণেরও প্রতি আহ্বান জানিয়েছে পর্যটন কর্পোরেশন।
পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী বলেন, "পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসারে দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হবে। পর্যটন করপোরেশনের সেবা খাত হিসাবে পরিচিত হোটেল, মোটেল ও পরিবহন খাত বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে।"
তিনি জানান, পর্যটন শিল্পের বিকালে সরকার এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। চলতি বছরের মধ্যেই এটি জারি হতে পারে।
শফিক আল মেহেদী বলেন, "কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা, ময়নামতি ছাড়াও আমাদের দেশে শত শত দর্শনীয় নৈসর্গিক স্থান রয়েছে। এগুলো চিহ্নিত করতে জরিপ চলছে। জরিপ শেষে এ স্থানগুলো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।"
বিশ্বের প্রাকৃতিক সপ্তম আশ্চর্য নির্ধারণে যে ভোট চলছে, তাতে কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
শফিক আলম মেহেদী বলেন, "প্রাকৃতিক সপ্তম আশ্চর্যে বাংলাদেশের পর্যটন স্থান দুটিকে রাখতে পর্যটন কর্পোরেশনও ইন্টারনেটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যাগুলোতে ইন্টারনেট বুথ স্থাপন করা যেতে পারে।"
পর্যটন শিল্পের বিকাশে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দুর্বলতার কথা স্বীকার করে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, কুয়াকাটায় যাওয়ার জন্য নৌ, আকাশ ও সড়ক যোগাযোগ উন্নয়নের চেষ্টা চলছে।
বিদেশি পর্যটকদের হয়রানি কমাতে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতা নিরসনের পাশাপাশি ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
পর্যটন কর্পোরেশনে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিক আলম মেহেদী বলেন, "যারা পর্যটন কর্পোরেশনে দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।"
মতবিনিময় সভায় পর্যটন কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24