২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধাঞ্জলিকথাশিল্পের ভুবন থেকে শহীদুল জহিরের প্রস্থান

কথাশিল্পী শহীদুল জহির রোববার ছেড়ে গেলেন আমাদের সবাইকে। তার এই অকাল প্রয়াণ বাংলা কথা শিল্পের জাদুবাস্তব নিরীক্ষার এক ঋজু ধারাকে হঠাৎ থমকে দিয়েছে যেন। জনপ্রিয় ধারার লেখকদের দাপুটে আসর থেকে অনেক দূরে নির্মোহ ভঙ্গিতে শিল্প চর্চা করেছেন জহির। নির্লিপ্ততায় বেছে নিয়েছেন মৃত্যুর নির্জনতা। খুব অল্প লেখালেখিতেই রেখে গেছেন অনন্যতার চি‎হ্ন। অদিতি ফাল্গুনী লিখেছেন শহীদুল জহিরের শিল্প ভুবন নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

লেখকের প্রয়াণ অদিতি ফাল্গুনী এবারো চৈত্র-বৈশাখ-জৈষ্ঠ্যে দক্ষিণ মৈশুন্দি, ভূতের গলি কি পদ্মনিধি লেনে গরম পড়লে মহল্লায় তরমুজ বিক্রি হবে। সবুজ রঙা তরমুজের রক্তলাল কাটা ফালির অবিশ্বাস্য বর্ণিল পৃথিবীর ঘুলঘুলাইয়া কি গোলকধাঁধায় ঘুরপাক খাবে মহল্লার মানুষ। মহল্লার কোনো কোনো তরুণ শেফালী নামের কোনো তরুণীকে দেখে ডাক দেবে: 'এই শেফালী ফুল গাছ!' তখন মহল্লার মেয়ে ঝর্না বসাক একদিন সিনেমার দামি নায়িকা শবনম হয়ে যাবে আর হাজি ফুড প্রোডাক্টসের মালিক বৃদ্ধ হাজি সাহেবেরে মৃত্যুশয্যায় যখন ইচ্ছা হবে তরমুজ খাবার, যদিও তখন তরমুজ খাবার সময় নয়...তাকে টিনজাত তরমুজ দেওয়া হবে...আর এভাবেই লেখা হয় আমাদের কুটির শিল্পের ইতিহাস। মার্কেজের লিফ স্টর্ম বা পাতাঝড় উপন্যাসের কথা আমাদের মনে পড়ে যেতে পারে। মনে পড়ে যেতে পারে কলাম্বিয়ার আরাকাতাকায় ইউনাইটেড ফ্রুটস কোম্পানির শিল্পায়নের ইতিহাস। জহির তবু জহিরই। আমাদের গরম আর আমাদের তরমুজ তার মতো করে কে আর লিখেছেন? আজো মনে আছে ১৯৯৫ সালের এক মে দুপুর। ১৯৯২-এ নন হজক্যান্স লিম্ফোমা ক্যান্সারের চিকিৎসায় আট কোর্স কিমোথেরাপি নেবার পার্শ্ব প্রতিক্রিয়াবশতঃ ১৯৯৫-এ দু'পায়ে দুটো অপারেশনের পর সম্পূর্ণ শয্যাবন্দি অবস্থায় একদিন শুয়ে শুয়ে পড়ছিলাম মারুফ রায়হান সম্পাদিত মাটি সাহিত্য পত্রিকা। সেখানেই প্রথম শহীদুল জহিরকে পাওয়া গেল। তার তরমুজ খাবার ও খাওয়াবার গল্প। যেন আশ্চর্য এক যাদুকর একটি গোটা বাক্যে গোটা গল্প বা একটি জাতির গোটা কুটিরশিল্পের ইতিবৃত্ত লিখবার দৃঢ় প্রতিজ্ঞায় দাড়ি-কমা-সেমিকোলন বিহীন আশ্চর্য ধূলিঝড়ের উদ্ভাসে মুছে দিল পাঠক 'আমি'র অসুস্থতা-ক্লান্তি-খিন্নতা! কে এই লেখক? চমকে উঠলাম! আমার এতদিনের পাঠ অভিজ্ঞতার সাথে তার লিখনরীতির কেন কোনো মিল নাই? তার কিছুদিন পরই পড়া গেল তদানীন্তন শৈলী-তে 'ধূলোর দিনে ফেরা'। দীর্ঘদিন নকশাল আন্দোলনে আত্মগোপন করে থাকা নায়ক বহু বছর পরে সুহাসিনী গ্রামে ফিরে এলে পুরনো প্রেমিকার স্বামীর বাসায় আশ্রয় হয় তার। পুরনো প্রেমিকা ও প্রেমিকার স্বামী বা পুরনো বন্ধু প্রচুর যত