২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও হত্যার অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও হত্যার অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন- মো. শামীম (২০)। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার দেওয়ান জাইগীর মহল্লার মাহীদুল মিস্ত্রির ছেলে। শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর মহল্লার শামীম পাশের বাড়ির আমিরুল ইসলাম কালুর মেজ মেয়ে আঙ্গুরীকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ২০০৫ সালের ২০ নভেম্বর আঙ্গুরীর ছোট বোন আম্বিয়া খাতুন আঁখিকে (৮) দুপুর সাড়ে ১২টার দিকে শামীম তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে হাত পা বেঁধে পায়খানার সেফ্টি ট্যাংকিতে লাশ ফেলে দেয়। ওই দিনই শামীমের গতিবিধি সন্দেহজনক দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় পুলিশ আঁখির লাশ উদ্ধার করে। আঁখির বাবা রাতে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ২০০৬ সালের ৮ জানুয়ারি শিবগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম আদালতে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৭ ঘ.