ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি চাপের মুখে শেষ পর্যন্ত নির্বাচন একমাস পেছাতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী আগামী ২৮ ও ২৯ এপ্রিল এ নির্বাচন করতে হবে আইনজীবীদের।
সমিতির নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম সোমবার দুপুর দুইটায় সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন।
তিনি জানান, সরকারের সঙ্গে করা এক সমঝোতা চুক্তিতে নির্বাচনের তারিখ ২৮ ও ২৯ এপ্রিল পুনঃনির্ধারণ করা হয়েছে।
নিজামুল হক নাসিম বলেন, "আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, নির্বাচনে সভাপতি পদের প্রার্থী ব্যারিস্টার শফিক আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, হুমায়ুন হোসেন খান, মোঃ সিরাজুল ইসলাম খান ও সাইফুর রেজা এবং আমি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছি। নির্বাচন নিয়ে রোববার ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের এক চিঠির পরিপ্রেক্ষিতে আমরা এ আলোচনায় মিলিত হই।"
নাসিম বলেন, "নির্বাচনের যে আবহ সৃষ্টি হয়েছিল সভায় উপস্থিত সবাই তা সুন্দর ও অনুকরণীয় বলে মন্তব্য করেছেন। নির্বাচনে শুধু ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। নির্বাচন করার জন্য সরকারের কোন অনুমতি লাগবে না। এটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়।"
২৮ ও ২৯ এপ্রিলের নির্বাচনে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম বক্তব্য দিতে দাঁড়ালে সাধারণ সদস্যরা হৈ চৈ করে বর্তমান কমিটির পদত্যাগ দাবি তুলে নতুন অ্যাডহক কমিটির দাবি জানান।
পরে সভাপতি বলেন,"আমরা আইনজীবীরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা কারো মুখোমুখি দাঁড়াতে চাইনা। রাজনৈতিক কোন এজেন্ডা নিয়ে আমরা কাজ করছিনা।"
সমিতির সম্পাদক এ এম আমিন উদ্দিন বলেন,"আজ নির্বাচনের দিন নির্ধারিত ছিল। কিন্তু ডিএমপি এক চিঠিতে নির্বাচন না করার অনুরোধ করায় আজ সরকারের উচ্চ পর্যায়ে সভা হয়েছে। আমরা একটি লিখিত চুক্তি সম্পাদন করেছি।"
সম্পাদক একথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ আইনজীবীদের অনেকে বলতে থাকেন,"এ চুক্তি মানিনা, মানব না।"
সোমবার সকাল ১০টায় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।
বিকাল তিনটায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল তার কার্যালয়ে নির্বাচন পেছানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "কেবল নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৮ ও ২৯ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন সরকারের অনুমতি প্রয়োজন হবে না। এপ্রিল মাসেই সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর হবে। আজকের সমঝোতা সভায় সকলেই জিতেছে।"
নির্বাচন পেছানোর জন্য সরকারের তরফ থেকে কোন চাপ দেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার নির্বাচন পেছানোর জন্য কোন চাপ দেয়নি।"
কোথায় এ বৈঠক হয়েছে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, "একটি নিরপেক্ষ জায়গায় এ সমঝোতা সভা হয়েছে। গুলশানের একটি বাড়িতে।"
সাংবাদিকরা নির্বাচন পেছানোর কারণ জানতে চাইলে নির্বাচনে সভাপতি প্রার্থী ও সমঝোতা সভায় উপস্থিত ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "আলোচনার ভিত্তিতে সমঝোতায় আসতে সময় লেগেছে। এ কারণে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে।"
তিনি বলেন, "সরকারপক্ষ সন্তুষ্ট হয়েছে যে, নির্বাচনে জরুরি বিধিমালা ভঙ্গ করা হয়নি। নির্বাচনের আচরণবিধিও সরকার গ্রহণ করেছেন। তাই আইনজীবীদের বিজয় হয়েছে।"
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য সহায়ক শক্তি হিসাবে বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার।"
রোববার ডিএমপির চিঠিতে অনুমতি নেওয়া হয়নি বলে দু'দিনব্যাপী এ নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
চিঠি পাওয়ার পর বিকেল চারটায় আইনজীবী সমিতি তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় নির্বাচনের তারিখ বহাল রাখার ঘোষণা দেয়। সমিতির নেতারা তখন বলেন, নিষেধাজ্ঞা ভেঙেই সোমবার ও মঙ্গলবার নির্ধারিত সময়ে নির্বাচন করা হবে।
সোমবার সকাল সাড়ে নয়টায়ও নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম এক সভার পর সাংবাদিকদের বলেন, "সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল সাড়ে ১১টায় নির্বাচন অনুষ্ঠিত হবে।"
এরপর সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, নিজামুল হক নাসিম এবং কয়েকজন প্রার্থী নির্বাচন নিয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য গুলশানের উদ্দেশে রওয়ানা হন।
সকাল সাড়ে ১১টায় নির্বাচন উপ কমিটির সদস্য এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের বলেন,"সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পিছিয়ে সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর দুইটায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।"
এদিকে যথাসময়ে নির্বাচন না হওয়ার প্রতিবাদে সমিতির সদস্যরা দুপুরে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। দুপুর সোয়া একটায় অনুষ্ঠিত এ সভা শেষে সমিতির সহ সভাপতি আব্দুল মান্নান খান বলেন, "সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত হবেই হবে।"
আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও অ্যাডভোকেট আজাহারুল্লাহ ভুঁইয়া।
রফিকুল ইসলাম বলেন, "সমিতির গত বছরের নির্বাচন বন্ধ করা হয়েছিল। এর বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্যে বর্তমান কমিটিকে জবাবদিহি করতে হবে।"
সভায় আইনজীবীরা সময়মতো নির্বাচন শুরু না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন ও বর্তমান কমিটির পদত্যাগ দাবি করেন।
পরে দুপুর দুইটায় এক সভা শেষে সমিতির নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় সোমবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য সুপ্রিম কোর্টের আশপাশে মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৯১৬ ঘ.
bdnews24