ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত হবেই বলে জানিয়েছেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির একজন কর্মকর্তা।
সোমবার দুপুর সোয়া একটায় সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সভা শেষে সমিতির সহ সভাপতি আব্দুল মান্নান খান একথা জানান। যথাসময়ে নির্বাচন না হওয়ার প্রতিবাদে সমিতির সদস্যরা এ প্রতিবাদ সভার আয়োজন করে।
আব্দুল মান্নান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও অ্যাডভোকেট আজাহারুল্লাহ ভুঁইয়া।
রফিকুল ইসলাম বলেন, "সমিতির গতবছরের নির্বাচন বন্ধ করা হয়েছিল। এর বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্যে বর্তমান কমিটিকে জবাবদিহি করতে হবে।"
সমিতির নির্বাচন হতেই হবে। নির্বাচন না হলে বর্তমান এই কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
সভায় সাধারন আইনজীবীরা সময়মতো নির্বাচন শুরু না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন ও বর্তমান কমিটির পদত্যাগ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৩৪৫ ঘ.
bdnews24