ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে ফিরিয়ে আনা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে আরো তিন দিন এবং ইসহাক আলীকে আরো চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে তাদের আরো দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে ইমন ও ইসহাককে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। সেখানে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় ইমনকে ১০ দিন এবং বিমানবন্দর থানার মুদ্রা পাচার মামলায় ইসহাককে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি কর্র্তৃপক্ষ।
ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন সিআইডি পরিদর্শক শ্যামল চৌধুরী এবং ইসহাককের জন্য রিমান্ড চান পরিদর্শক আকবর হোসেন।
শুনানি শেষে মহানগর হাকিম আল মামুন ইমনকে ৩ দিন এবং মহানগর হাকিম হেমায়েত উদ্দিন ইসহাককে ৪ দিনের রিমান্ডে পাঠান।
পুলিশ ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ মার্চ রায়ের বাজারে সিটি করপোরেশনের শৌচাগারের পাশে মাটির নীচে লুকানো একটি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।
এরপর মোহাম্মদপুর থানায় ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলাটি দায়ের করা হয়।
এদিকে ২০০২ সালের ২৬ আগস্ট জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি দুবাইগামী ফ্লাইট থেকে ৩ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৬৫৫ টাকা উদ্ধার করা হয়। ওই সময় বিমানবন্দর থানায় ইসহাকের বিরুদ্ধে এ ব্যাপারে একটি মামলা করা হয়।
ভারতীয় পুলিশ ২০০৭ এর ৬ ডিসেম্বর কলকাতার মীর্জা গালিব স্ট্রিট থেকে ইমনকে এবং ২০০৮ সালের ২০ জানুয়ারি উড়িষ্যার পুরী শহরের একটি গেস্ট হাউজ থেকে ইসহাককে গ্রেপ্তার করে। গত ৭ মার্চ তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২৪৪ ঘ.
bdnews24