ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান থাকার সময় বিভিন্ন প্রকল্পের কাজে ঘুষ নেওয়ার অভিযোগে করা তিনটি মামলায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রোববার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র তিনটি দাখিল করেন কমিশনের সহকারী পরিচালক মো. তালেবুর রহমান।
তিনটি মামলাই করা হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর পল্টন থানায়। কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম একমাত্র আসামি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেন ।
একটি অভিযোগপত্রে বলা হয়, চেয়ারম্যান থাকার সময় ওবায়দুল কাদের জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. হাবিবুর রহমানের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে ৫৭ লাখ টাকা ঘুষ নেন।
আরেক অভিযোগপত্রে বলা হয়, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে হাবিবুর রহমানকে বাধ্য করে তার মাধ্যমে ঠিকাদারদের কাছ থেকে ৩৮ লাখ টাকা ঘুষ নেন।
তৃতীয় অভিযোগপত্রে একই কায়দায় একই ধরনের প্রকল্পে ৪৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসএনডি/২২১৮ ঘ.
bdnews24