চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার নম্বরপত্র জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসসহ কয়েকটি অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের সভাপতির পদ থেকে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণ করা হয়েছে। একইসঙ্গে তাকে আগামী পাঁচ বছর এবং ওই বিভাগের তিন শিক্ষককে বিভিন্ন মেয়াদে পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক এম. বদিউল আলমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষার কাজ থেকে বাদ দেওয়া অপর শিক্ষকরা হলেন- সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং নৃবিজ্ঞানের সাবেক সভাপতি অধ্যাপক ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক এন এম সাজ্জাদুল হক সুমন ও এইচ এম আশরাফ আলী।
এছাড়া, বিভিন্ন শিক্ষককে নানা রকম তথ্য সরবরাহের মাধ্যমে বিভাগে অচলাবস্থা সৃষ্টির জন্য নৃবিজ্ঞান বিভাগের অফিস সহকারী মোহাম্মদ লোকমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিন্ডিকেট সদস্য মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৃবিজ্ঞান বিভাগের ২০০৫ সালের মাস্টার্সের টার্মিনাল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং টিউটোরিয়ালের নম্বরপত্র তৈরির ব্যাপারে অসদুপায় অবলম্বনের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এই চার শিক্ষককের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল।
তিনি জানান, তদন্ত প্রতিবেদনের আলোকে সিন্ডিকেট প্রমাণ পেয়েছে উভয় অভিযোগের সঙ্গে বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের সম্পৃক্ততা রয়েছে। এরই ভিত্তিতে তাকে সভাপতির পদ থেকে অপসারণ এবং পরবর্তী পাঁচ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, পরীক্ষা সংক্রান্ত জটিলতা এবং বিভাগটিতে অচলাবস্থা সৃষ্টির পেছনে নেতিবাচক ভূমিকা থাকায় সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আহমেদ ফজলে হাসানকে পাঁচ বছরের জন্য এবং এন এম সাজ্জাদুল হক সুমন ও এইচ এম আশরাফ আলীকে দুই বছর করে সকল পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
ফরিদ আহমেদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস, নম্বরপত্র জালিয়াতি এবং বিভাগটি অচল থাকার প্রকৃত ঘটনা তদন্তের জন্য গত ২২ ফেব্র"য়ারি ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বৃহস্পতিবার উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24