২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা ট্রেন পহেলা বৈশাখে

ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল আগামী পহেলা বৈশাখ থেকে শুরু হচ্ছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার সাংবাদিকদের এ তথ্য জানান। তারা বলেন, রেল চলাচল শুরুর ক্ষেত্রে কিছু অবকাঠামোগত ও কারিগরী সমস্যা এখনও রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল আগামী পহেলা বৈশাখ থেকে শুরু হচ্ছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার সাংবাদিকদের এ তথ্য জানান। তারা বলেন, রেল চলাচল শুরুর ক্ষেত্রে কিছু অবকাঠামোগত ও কারিগরী সমস্যা এখনও রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকের পর মাহবুবুর রহমান ও পিনাক রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, "আগামী পহেলা বৈশাখ থেকে দুই দেশের মধ্যে রেল চলাচল শুরু হচ্ছে, এটা নিশ্চিত। ভারতের রেলমন্ত্রী ইতোমধ্যে বিষয়টি লোকসভায় জানিয়েছেন। রেল চালুর ক্ষেত্রে যা কিছু সমস্যা রয়েছে, তা দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।" রেলপথের ভারতের প্রবেশপথে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়ার বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, "এ নিয়ে দুদেশের মধ্যে দ্বিমত নেই। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এটা করা হচ্ছে।" চালসহ বিভিন্ন ইস্যুতে বিরাজমান সমস্যা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেন, "এতে কোনও সমস্যা হবে বলে আমি মনে করি না। বরং রেল যোগাযোগ শুরু হলে দুদেশের মধ্যে সম্পর্কের আরও গাঢ় হবে।" সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রেল চলাচল শুরু হতে যাচ্ছে। এ নিয়ে আর কোনও সমস্যা নেই। সমস্যা যা আছে, তা সমাধানে উভয়পক্ষই চেষ্টা করছে। ফলে রেল চলাচলের তারিখ পেছানোর আর কোনও সম্ভাবনা নেই।" তিনি জানান, প্রথম অবস্থায় বাংলাদেশের দর্শনা স্টেশনে শুল্ক সংক্রান্ত কাজগুলো করা হবে। সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ একটি স্টেশন নির্মাণ করছে। তা নির্মিত হওয়ার পর ওই স্টেশনেই শুল্ক সংক্রান্ত কাজ হবে। রেল চলাচল শুরু হলে দুদেশের মধ্যে চোরাচালান বেড়ে যাবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে মাহবুবুর রহমান বলেন, "চোরাচালান বাড়ার কোনও সম্ভাবনা নেই। এজন্যই সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।" তিনি জানান, ভারতের প্রায় ১৫০ মিটার এলাকায় কাঁটাতারের বেড়ার মধ্যে দিয়ে রেল চলবে। বাংলাদেশও সীমান্তবর্তী একই পরিমাণ এলাকায় কাঁটাতারের বেড়া দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪৫ ঘ.