২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগছে আবহাওয়া দপ্তরে

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকায়নের প্রক্রিয়া চলছে আবহাওয়া অধিদপ্তরে। আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে প্রক্রিয়াধীন 'নিউম্যারিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম' আগামী বছরের মধ্যভাগে বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার। মঈনুল হক চৌধুরীর প্রতিবেদনে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকায়নের প্রক্রিয়া চলছে আবহাওয়া অধিদপ্তরে। আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে প্রক্রিয়াধীন 'নিউম্যারিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম' আগামী বছরের মধ্যভাগে বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার। এর মাধ্যমে গাণিতিকভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হবে জানিয়ে তিনি বলেছেন, এটা বাস্তবায়িত হলে সামুদ্রিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ ও খরাসহ নানাক্ষেত্রে আরও সঠিক পূর্বাভাস, সতর্কবার্তা দেওয়া যাবে। এর মাধ্যমে আবহাওয়ার ঋতুভিত্তিক পূর্বাভাস দেওয়াও সম্ভব হবে। বিশ্ব আবহাওয়া দিবসের প্রাক্কালে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান সমরেন্দ্র কর্মকার। সারাবিশ্বের মতো রোববার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। বর্তমানে সনাতন যন্ত্রপাতি দিয়েই চলছে আবহাওয়া অধিপ্তরের কার্যক্রম। অভিযোগ রয়েছে, এতে অনেক সময় সঠিক পূর্বাভাস যেমন মিলছে না, তেমনি সাধারণ মানুষের আস্থাও তা অর্জন করতে পরছে না। তবে সমরেন্দ্র কর্মকার বলেন, "এটা বলা ঠিক নয় যে আবহাওয়ার পূর্বাভাসে সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না কিংবা ভুল পূর্বাভাস দেওয়া হয়। হয়ত আমরা পরিমাণগত পূর্বাভাস দিতে পারছি না। তবে সনাতন যন্ত্রপাতির মাধ্যমে গুণগত পূর্বাভাস ঠিকই দেওয়া হচ্ছে।" প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান রোববার আবহাওয়া দিবসের এক অনুষ্ঠানে জানান, আবহাওয়ার নির্ভুল পূর্বাভাসের জন্য 'নিউম্যারিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম'সহ পাঁচটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে রয়েছে, মৌলভীবাজারে একটি নতুন মেটিরিওলজিক্যাল-কাম-হাইড্রোলজিক্যাল ডপলার রাডার স্থাপন, নৌ দুর্ঘটনা কমাতে অভ্যন্তরীণ নৌচলাচল পূর্বাভাস কেন্দ্র স্থাপন, কৃষি আবহাওয়া ও পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন, পঞ্চগড়, সেন্ট মার্টিন ও বান্দরবানে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আরজুমান্দ হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপক পর্যবেক্ষণ, যথাযথ বিশ্লেষণ, সঠিক ও সময় মতো পূর্বাভাস, সতর্কতা প্রদান ও ঝুঁকি প্রশমনে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা এ ব্যবস্থাপনাকে সফল করতে পারে।" আবহাওয়া অধিদফতরের ঝড় পূর্বাভাস কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, প্রকৃতিকে তো আমরা ফেরাতে পারবো না। তবে সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা ও সাধারণ মানুষ সচেতন হলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এ প্রসঙ্গে সমরেন্দ্র কর্মকার জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ও ২০০৭ এর ১৫ নভেম্বর ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের যথাযথ পূর্বাভাস দেওয়ায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বর্তমানে প্রতিদিন বিভিন্ন স্টেশনে ছয় ঘণ্টা পরপর তাপমাত্রা, বায়ুর গতি-দিক-চাপ, মেঘ, কুয়াশা, বৃষ্টিপাতের উপাত্ত সংগ্রহ করে। ওই উপাত্ত থেকেই পরবর্তী ১২ ঘণ্টা কিংবা ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয় প্রতিদিন দেশের ৩৫ স্টেশন থেকে এসব তথ্য নিয়ে পূর্বাভাস দেয়। বর্তমানে অধিদপ্তরের অধীনে ৩৫টি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে। এর মধ্যে ১০টি পাইলট বেলুন পর্যবেক্ষণাগার, ১৪টি এগ্রো মেটিওরলজিক্যাল পর্যবেক্ষণাগার, ৪টি রাডার স্টেশন ও ৪টি ভূমিকম্প পর্যবেক্ষণাগার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১২২৩ ঘ.