২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্বাধীনতার এই মাসে রংপুরে বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার এক অনন্য উদ্যোগ নিয়েছে 'আমরা এ প্রজন্মের সন্তান' নামে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

রংপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার এই মাসে রংপুরে বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার এক অনন্য উদ্যোগ নিয়েছে 'আমরা এ প্রজন্মের সন্তান' নামে একটি সংগঠন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ জন তরুণ-তরুণী মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে সে সময়কার সঠিক ইতিহাস জানার জন্য এই উদ্যোগ নিয়েছেন। শুক্রবার বিকেল থেকে তারা বেরিয়ে পড়েন মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি। প্রথম দিনেই তারা শহরের গুপ্তপাড়ায় মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, ধাপে আখেরুজ্জামান, হনুমান তলায় আবদুস সামাদ, গুপ্তপাড়ায় কামরুজ্জামান এবং সেনপাড়ায় মজিবুর রহমানসহ ২৫ জন মুক্তিযোদ্ধার বাড়িতে যান। প্রথমেই তারা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান। এরপর কাছে বসে গল্প শোনেন মুক্তিযুদ্ধের। মুক্তিযোদ্ধারা তাদের শুনিয়েছেন সে সময়কার দুঃসহ স্মৃতি। তারা জানান, রাজাকার-আল বদরদের নিষ্ঠুরতার কথা। অনেক মুক্তিযোদ্ধা সে সময়কার ঘটনা বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুক্তিযোদ্ধারা এভাবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তারা যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকারের কাছে দাবি জানান। মুক্তিযোদ্ধারা বলেন, সরকারই বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সহজেই যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে। 'আমরা এ প্রজন্মের সন্তান' এর উদ্যোক্তা রংপুর মেডিকেল কলেজের ছাত্রী রেহেনুমা তাবাসসুম যুথি, কারমাইকেল কলেজের শিউলি রায়, জিলা স্কুলের প্রমি, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অদ্রি ও শ্যামলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা নতুন প্রজন্মকে সারা দেশের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সঠিক ইতিহাস জেনে নেওয়ার আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.